যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের পূর্বঘোষিত আজকের বিক্ষোভ-সমাবেশ আগামী শনিবার করার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় বিএনপির নেতা বলেন, ‘আজকের প্রতিবাদ সমাবেশটি শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। একই দাবিতে আগামী সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। প্রতীকী অনশন ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।’

এরই মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও ঢাকা মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এমঅার