বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ঈদের পরে কর্মসূচির অংশ হিসেবে শিগগিরই বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে। এই কর্মসূচিগুলো হবে গণতন্ত্র স্বীকৃত এবং আইন সঙ্গত। সংবিধান স্বীকৃত হচ্ছে-সমাবেশের অধিকার,কথা বলার অধিকার। কিন্তু ক্রমাগতভাবে কন্ঠরোধ করে চলেছে এই সরকার এবং গণতন্ত্রে বিরোধী দলের যে অধিকার সেটিকে তারা ভয়াবহভাবে দমন করেছেন,বিরোধী দলের অধিকার হরণ করেছেন।

তিনি বলেন, আন্দোলনের বিভিন্ন কর্মসূচির উপর গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে সরকার। এখন সরকারের আচরণের উপর নির্ভর করবে এই আন্দোলনের পরবর্তী রূপ কি রকম হবে এবং কতটুকু তীব্র থেকে তীব্রতর হবে।

শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক, মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, যুগ্ন সম্পাদক হাসিবুর রহমান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী আহমেদ ঈদের দিন মঙ্গলবার মধ্যরাতে ঢাকা থেকে নিজ জেলা কুড়িগ্রামে এসেছিলেন। 

ঢাকা, ০১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমএইচ