করোনার ভয়াবহতা পৃথিবীকে বিপর্যস্ত করে তুলেছে। করোনায় এ পর্যন্ত সারা বিশ্বে ৪৪ লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। মানুষ আজ বড়ই অসহায়। আমরা অবাক হয়ে দেখি যে, দুর্যোগকালেও নির্যাতন থামেনি, লুটপাট কমেনি, অসহায় মানুষের পাশে সরকার যথার্থভাবে দাঁড়ায়নি। মিথ্যা মামলায় জড়িয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। এসব থেকে মুক্তি পেতে হলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসলামী কল্যাণ রাষ্ট্র ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
শুক্রবার (২৭ আগস্ট) নরসিংদী জেলা শাখা জামায়াতে ইসলামী কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত দায়িত্বশীল সমাবেশে বক্তৃতা দানকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এইসব কথা বলেন।
নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুল জাব্বার।
আমীরে জামায়াত বলেন, ইসলামী জীবনাদর্শের কোনো ক্ষয় নেই। কোনো প্রতিবন্ধকতা এর গতিরোধ করতে পারে না। আমরা ঈমানের মজবুতি নিয়ে এগিয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী হয়ে যাবেন।
তিনি করোনা মহামারীতে মানুষের পাশে থেকে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করার আহ্বান জানান।
নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যিনি দাওয়াতে দ্বীনের কাজ করবেন, তাকে শাহাদাতে হকের সাক্ষী হতে হবে। কথায় ও কাজে মিল থাকতে হবে। দুনিয়ার রঙে রঙীন না হয়ে বরং আল্লাহর রঙে জীবনকে সাজাতে হবে। রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে।
সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামী জীবন ব্যবস্থা আগামী দিনের বাস্তবতা। মানুষের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন আজ খুব প্রয়োজন।
বিশেষ অতিথি সাইফুল আলম খান বলেন, আমাদের পরিবারগুলো যেন শরীয়া অনুসরণ করে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। চক্ষুশীতলকারী পরিবার গঠন করতে হবে। সন্তানদের ইসলামী আদর্শের উপর গড়ে তুলতে সচেষ্ট হতে হবে।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাহাবায়ে কেরামের রা: নজীর তুলে ধরে বলেন, তারা অনুসরণযোগ্য শ্রেষ্ঠ মানুষ। তাদের ত্যাগ ও কুরবানি কিয়ামত পর্যন্ত মানুষকে অনুপ্রেরণা যোগাবে।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





