মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টার সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে পুলিশ, বিডিনিউজ ও বাংলামেইল সহ কিছু গণমাধ্যমের বানোয়াট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, কোন ঘটনা ঘটলেই কিছু পুলিশ ও গণমাধ্যম সেখানে ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার করতে হুমড়ি খেয়ে পড়ে। যার আরেকটি নমুনা মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টায় গ্রেপ্তারকৃত গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে শিবির কর্মী উল্লেখ করে যৌথ মিথ্যাচার।
শিবির নেতৃবৃন্দ বলেন, "আমরা দৃঢ়ভাবে বলতে চাই, গ্রেপ্তারকৃত ফয়জুল্লাহ ছাত্রশিবিরের কেউ নয় এবং তার সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ যেমন দায়িত্ববোধ ভূলে মিথ্যাচার করেছে তেমনি এসব গণমাধ্যমও এই বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য যাচাই না করেই মিথ্যা প্রচারণা চালিয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, কোন তথ্য প্রমাণ ছাড়াই এক জনকে ধরে শিবির কর্মী বলে চালিয়ে দেয়া দায়িত্বহীনতার নিকৃষ্ট নজির ছাড়া কিছু নয়।
যেখানে সেখানে ছাত্রশিবিরকে জড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করা তাদের নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তারা।
এ জঘন্য মিথ্যাচারের প্রতিবাদে শিবির তারা বলেন, "আমরা পুলিশের এই জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ ও কিছু গণমাধ্যমের এই ধারাবাহিক অপপ্রচার কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।
বিশেষ গোষ্ঠীর ইশারায় উদ্দেশ্যে প্রণোদিত ভাবে নানা বিষয়ের সাথে ছাত্রশিবিরকে জড়ানো হচ্ছে বলেও দাবি করেন তারা।
পুলিশি মিথ্যাচার বন্ধ ও গণমাধ্যমেকে দায়িত্বশীল সংবাদের আহ্বান জানিয়ে শিবিরের এই দুই সিনিয়র নেতা বলেন, "আমরা অবিলম্বে ছাত্রশিবিরকে জড়িয়ে পুলিশের বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে সকল গণমাধ্যমকে আরো দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশনের আহবান জানাচ্ছি।"
এমআইএস





