জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি সফিউল আলম প্রধান বলেছেন, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র‌্যাবের সঙ্গে সেনাবাহিনীকে জড়িয়ে ঘাতক বাহিনীতে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
‘১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ স্মরণে পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বন্ধ ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আগ্রাসী ভারতের হস্তক্ষেপ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে জাতীয় গনতান্ত্রিক পার্টি (জাগপা)।
শফিউল আলম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছে। এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বাহিনী। কিন্তু হিন্দুস্তান পরিকল্পনায় আমাদের গর্বের সেনাবাহিনীকে টার্গেট করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এক শ্রেণির দালালরা।
এসময় নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাবের সঙ্গে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে বলে তিনি র‌্যাব থেকে সৈনিকদের প্রত্যাহার করারও আহবান জানান।
সেনাবাহিনীর উদ্দেশ্যে জাগপা সভাপতি বলেন, হিন্দুস্তানি পরিকল্পনায় আপনাদের ঘাতক বানানোর পরিকল্পনা চলছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা ভাবছে কংগ্রেস চলে গেলে তার কি হবে। কিন্তু আমরা বিজেপি আর কংগ্রেস বুঝি না। যারাই ক্ষমতায় আসুক না কেন পানির ন্যায্য হিস্যা চাই। বাংলার জনগণ ভারতের কৃতদাস সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাগপা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম শহীদ, মহানগর সাধারণ সম্পদক কামাল হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]