বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। কিন্তু ওবায়দুল কাদের সাহেব বললেন, এটা বিএনপি করেছে, আর এখন ধরা পড়লো কে? এক নম্বর আসামি যুবলীগের সদস্য স্থানীয় মেম্বার। আওয়ামী লীগ সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও সম্প্রীতি বিনষ্ট করেছে।
আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৪ মার্চ কালো দিবস উপলক্সে এ আলোচনা সভার আয়োজন করে ৯০'র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।
মহাসচিব বলেন, আসলে সমস্যাটা হচ্ছে কী, বিএনপি ছাড়া ওদের মুখে আর কোনো কথা বের হয় না। সারাক্ষণ বিএনপি'র বিরুদ্ধে কথা বলতে থাকে।
তিনি বলেন, আমরা বার-বার বলে আসছি যে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এতটুকু জায়গার মধ্যে ১২ লাখ লোককে রাখা তাদের ভরণ-পোষণ দেয়া তাদের সুন্দরভাবে রাখা সম্ভব নয়। আপনারা সমাধান করছেন না। আপনারা এটাকে ব্যাবহার করার চেষ্টা করছেন। আপনাদের কোনো উদ্যোগ নেই। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য কোনো রাষ্ট্রীয় সফর করেন নাই।
বিএনপি মহাসচিব বলেন, পররাষ্ট্রমন্ত্রী সবসময় বলেন যে, ভারতের সাথে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। সেই ভারত তো আমাদের পক্ষে রোহিঙ্গাদের সরানোর জন্য কোনো কথা বলে নাই। চীনের সাথে আমাদের চমৎকার বন্ধুত্ব সেই চীনতো রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদের পাশে দাড়াঁয়নি। কেন আপনাদের ব্যার্থতার জন্য। আপনাদের কূটনৈতিক ব্যার্থতার জন্য আজকে আপনারা সমগ্র বিশ্বকে আপনাদের পক্ষে আনতে পারেননি।
ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপিরসহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য দেন।
এএস





