সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং রেলমন্ত্রী মুজিবুল হকের ‘ব্যর্থতার’ কারণে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এই তিন মন্ত্রী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ঈদে ঘরমুখী মানুষের যে দুঃখ কষ্ট ও দুর্দশা হচ্ছে ও যে সব দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এর দায়-দায়িত্ব এই মন্ত্রীদের নিতে হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৯ম কারামুক্তি দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এম এম খালেদ সাইফুল্লাহ।

শাসুজ্জামান দুদু বলেন, ওবায়দুল কাদের বলেছেন, ঈদে কোন যানজট হবে না, রাস্তা ফাঁকা থাকবে। এসব কথা বলে মন্ত্রী মানুষদের রাস্তায় নামিয়েছেন। সুতরাং সড়ক দুর্ঘটনায় যে কয়েক জন মানুষ মারা গিয়েছে, সেই সব হত্যার দায় যোগাযোগ মন্ত্রীকেই নিতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পাটির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মেজর (অব.) মিজানুর রহমান, ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।

এসএ