বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, “আমি মনে করি, সরকারি দলের দুঃশাসনের কারণে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে।”
রাজধানীতে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্ত্রী হাসনা মওদুদের লেখা একটি কবিতার বই প্রকাশনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ আহমদ এসব বলেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই করে অবাধে সিলমারা, জাল ভোট প্রদানের ঘটনা সেখানে না ঘটলে আমাদের ধানের শীষের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হতেন।’
কুসিক নির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আগামীতে দেশের অন্যান্য জায়গায় নির্বাচন হলে এরকম ফলাফলই হবে।
গতকাল অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়। ১০১ কেন্দ্রের ফলে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।
স্থগিত দুই কেন্দ্রের মোট ভোট বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে কম। দিনশেষে অস্থায়ী কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
এমবি





