আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির পরিকল্পনাতেই বাস্তবায়িত হয়েছে। বাস-ট্রাকে আগুন দেয়া বিএনপির পুরনো অভ্যাসও বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেলে রাজশাহীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজশাহী সড়ক ও জনপথ ভবন মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাটি তাদের নিজেদের পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে—এটা এখন সবাই জানে। তাদের একটা নিউজ দরকার ছিল। সাংবাদিকদের ওপর হামলা হলে সেটা বড় আকার ধারণ করবে। তাই তারা ইচ্ছাকৃতভাবেই এমনটি ঘটিয়েছে।'

গত শনিবার খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী বাজারে তার গাড়িবহরে হামলা হয়। এ সময় খালেদা জিয়ার গাড়ি রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয় বহরে থাকা সংবাদকর্মীদের কয়েকটি গাড়ি।

এ হামলার জন্য ফেনীর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। কিন্তু অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলেছে, বিএনপিই হামলার এই ঘটনাটি সাজিয়েছে।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'বাস-ট্রাকে আগুন দেয়া বিএনপির পুরনো অভ্যাস। হামলায় খালেদা জিয়ার গাড়ির কোন ক্ষতিই হয়নি, তাদের নেতাদের কোন গাড়িরও ক্ষতি হয়নি।

আসলে দুর্বৃত্তদের কোন দল নেই। তারপরও আমরা এই হামলার নিন্দা জানিয়েছি। যারাই ঘটনার সাথে জড়িত থাক, তারা যে দলেরই হোক, তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।'

খালেদা জিয়া ঢাকায় ফেরার পথে বিকেলে ফেনীর মহিপালে গাড়িবহরের পাশে দুটি বাসে বোমা হামলার ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিষয়টি না জেনে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

অনুষ্ঠানে মন্ত্রী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'আমি আজ এ মন্ত্রণালয়ে আছি কাল নেই। কিন্তু আমি স্বচ্ছতা তৈরি করে যেতে চাই। সরকারি কাজ নিয়ে মাঝে মাঝে লজ্জায় পড়ি। দশ দিন আগে কাজ শেষ হয়েছে অথচ একদিনের বৃষ্টিতে তা নষ্ট হচ্ছে। এই ফাঁকি জনগণকে নয়, নিজেকে দিচ্ছো। প্রকারন্তরে দেশকে দিচ্ছো।

আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সুতরাং আমার মন্ত্রণালয়ের কোন দপ্তরেই কেউ চাঁদাবাজি করতে পারবে না। ক্ষমতাসীন দলের হলে তো আরও সাহস পাবে না। এই অ্যাডভান্টেজ তোমাদের কাজে লাগাতে হবে। কমিটমেন্ট নিয়ে কাজ করো। ভাগ-বাটোয়ারা, চাঁদাবাজি এসব নিয়ে চিন্তা করো না। আমি কারো কাছে কমিশন খাই না, তাহলে এই মন্ত্রণালয়ের জন্য আমি কেন বদনাম নেব?'

তিনি আরও বলেন, 'সরকারের সামনে টেনেটুনে আর এক বছর আছে। যেসব উন্নয়ন কার্যক্রম চলমান আছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করবে। আর নতুন যে প্রকল্প আসবে সেগুলোও যেন যথাযথভাবে সম্পন্ন হয় সে ব্যবস্থা গ্রহণ করবে। রাস্তার কাজগুলো আগামী শুকনো মৌসুম শেষ হবার আগেই আমি সম্পন্ন দেখতে চাই।'

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'এটি বাঙালি জাতির জন্য, ৩৫ কোটি বাঙালির জন্য বিশাল স্বীকৃতি।

ইউনেসকোর এই স্বীকৃতিতে জাতি হিসেবে আমরা গর্বিত। তবে এটি প্রত্যাশিত ছিল। এ বিষয়ে আমাদের কর্মসূচি কি হবে তা নিয়ে আগামীকাল (বুধবার) মিটিং দিয়েছি। সেখানে বিস্তারিত কর্মসূচি ঘোষিত হবে।'

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার যেসব হত্যাকারীরা দেশের বাইরে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের উদ্যোগ জোরদার করা হয়েছে।'

আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 'আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিষয় আমরা এখনও চূড়ান্ত করি নাই। সুতরাং কে, কোথায়, কি লিখলো—তা নিয়ে আমার কিছু বলার নেই।'

পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিভাগীয় সড়ক ও জনপথ দপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ রাজশাহী বিভাগের জেলাগুলোর সড়ক ও জনপথ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএ