জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র আজ গুম হতে চলেছে। দেশের মানুষ স্বাধীন নয়। আমরা যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সে আশা ব্যর্থ হয়েছে।  
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটি আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করেন তিনি।
প্রধান বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে নির্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশকে নেতৃত্বশুন্য করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ।  
নারায়ণগঞ্জের ৭ খুন প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন কর্নেলের চাকরি গেল। কিন্তু একজন মন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাহলে তার মন্ত্রীত্ব থাকে কীভাবে।’
‘দেশকে সেনাশুন্য করা হয়েছে’ বলেও অভিযোগ করেন প্রধান।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবীব, কৃষক দলের নেতা শাহজাহান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]