বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমমনা সকল রাজনৈতিক দলগুলো নিয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটানো হবে।


বুধবার বেলা সাড়ে ১১টায় মহিলা দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ্য অর্পন শেষে তিনি এসব কথা বলেন। এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ স ম হান্নান শাহ বলেন, বর্তমান সরকার নির্বাচিত নয়। তারা অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আছে। এ সরকার যে নতুন পে-স্কেল ঘোষণা করেছে তাও অবৈধ। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অনেক সময়ে আজে বাজে কথা বলেন। আজে বাজে কথা না বলে সকলের জন্য সমান সুযোগসহ একটা আলাদা পে-স্কেল গঠন করুন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সারা দেশে শিক্ষককেরা যে ন্যায্য দাবি করছে তার প্রতি বিএনপির পূর্ন সমর্থন রয়েছে। শিক্ষকদের জন্য সমান সুযোগ দিয়ে ভিন্ন বেতন স্কেল ঘোষণার দাবি করছি।

বিএনপির এই নেতা বলেন, দ্রব্য মূল্যতে জনগণের নাবিশ্বাস উঠেছে। জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারছে না তারপরেও গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের মরার উপরে খাঁড়ার গা বানিয়েছে। এ সরকারের জনগণের দিকে নজর নেই। তারা নিজেদের নিয়ে ব্যস্ত আছে।

এসময়ে তিনি আশা প্রকাশ করে বলেন, বিগত দিনে মহিলা দল যে ভাবে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল ভবিষ্যতে দলকে আরো সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে।

এমএইচ/এআই