যশোর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, 'বর্তমান ভোটারবিহীন সরকারের আমলের নির্মম সব কর্মকাণ্ডে দেশবাসী এখন কেবল দীর্ঘশ্বাস ফেলছে। দেশে যখন একের পর এক হত্যা, গুম ও অপহরণের মতো পৈশাচিক ও অমানবিক কর্মকাণ্ড ঘটছে, তখন সরকারের তরফ থেকে তা প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।'
তিনি বলেন, 'পেশীশক্তির জোরে মানুষ হয়ে মানুষকে পশুর মতো জবাই করে হাতে রক্ত মাখতে এতটুকু শিহরিত হচ্ছে না,হৃদয়ের কম্পন অনুভব করছে না।'
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যশোর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার রাতে ফেরদৌস হোসেনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
ওএফ





