সারা দেশে জ্বালাও-পোড়াও ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্যে দিয়ে চলছে ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন। ২০ দলীয় জোটকে সমাবেশ করতে না দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তিনি জানান।

এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধ সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রংপুর:

দ্বিতীয় দিনের মতো সারাদেশে চলছে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ। এর সঙ্গে রংপুর বিভাগের আট জেলায় যোগ হয়েছে বিএনপির হরতাল। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন দেশবাসী। দূরপাল্লার তো দূরের কথা স্থানীয় পরিবহনও নামছে না রাস্তায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় ডাকা বুধবার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

হরতাল-অবরোধ ঘিরে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

একদিকে রংপুর বিভাগে হরতাল অপরদিকে সারাদেশে চলা অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে বিভাগীয় নগরী রংপুর।

মাদারীপুর:

এক পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে মাদারীপুর সদর থানায় ব্যাপক ভাঙচুর করেছে সাধারণ শ্রমিকরা। এতে পুলিশ-শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

এ ঘটনায় বুধবার বেলা ১২টা থেকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা।

নোয়াখালী:

২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে নোয়াখালীতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নোয়াখালী জেলা শহরের পৌর কল্যাণ স্কুলের সামনে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় সড়কে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি ও একটি রিকশা ভাঙচুর করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সুধারম থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা:

সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকসহ জামায়াত-বিএনপির ১৫ কর্মীসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর:

গাজীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসের ভিতরে থাকা হেলপার।

মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন শ্যামলি পরিবহনের একটি বাসের হেলপার সাজু মিয়া। আগুনের তাপে ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে গাড়ির লক খোলে তিনি বাইরে চলে আসেন। এতে প্রাণে বেঁচে যান তিনি। তবে পুঁড়ে গেছে বাসটি। এই বাসের সঙ্গে থাকা একই মালিকানার আরেকটি বাসও অর্ধেক পুড়ে যায়।

পুলিশ জানায়, আগুনে শ্যামলি পরিবহনের বড় বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৯৩৯) সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া অপর বড় বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৬২১৬) অর্ধেক জ্বলে গেছে।

ঢাকা-গাজীপুর সড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকবাহী একটি স্টাফবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি:

ঝালকাঠিতে বিএনপি-জামায়াতের মিছিলে বাধা দিতে গেলে জেলা ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। জেলা শহরের মানপাশা সড়কে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের সমর্থনে সকালে মিছিল বের করে বিএনপি-জামায়াত। এ সময় জেলা ছাত্রলীগের সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা বাধা দিতে যান।

মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালালে নজরুল ইসলামের মাথায় গুরুতর জখম হয়। মিছিলকারীরা স্থানীয় যুবলীগ কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালায়।

সিলেট:

সিলেটে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। মিছিল চলাকালে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও একটি অটোরিকশায় আগুন দেয়।

বুধবার সকাল ৮টার দিকে নগরীর আম্বরখানা সরকারি কলোনি স্কুলের সামনে এ ঘটনা ঘটায় ছাত্রদল কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মী মিছিল বের করেন।

এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মিছিল চলাকালে তারা ৪-৫টি ককটেলেরও বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

যশোর:

যশোরে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে বাসের হেলপার অগ্নিদগ্ধ হন। আহতকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত আড়াইটা ও সাড়ে ৩টায় খাজুরা বাসস্ট্যান্ডে যশোর-মাগুরা রুটের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

চাঁদপুর:

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১৬ জন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল:

বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে দক্ষিণ আলেকান্দার জুমির খান সড়কের একটি ভবনথেকে তাদের আটক করা হয়।

জামালপুর:

জামালপুর শহরে অবরোধের সমর্থনে পিকেটিংকালে সাত জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।

এদিকে, সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলায় দুইট সিএনজিচালিত অটোরিকশা ও চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

নেত্রকোণা:

নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

পুলিশ ট্রাকে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে। এদিকে মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে তাদেরকে আটক করা হয়।

নেত্রকোণা পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, মঙ্গলবার মধ্য রাতে ট্রাকটিতে আগুন দেয়ার পর স্থানীয়রাসহ দমকল বাহিনীর লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লক্ষ্মীপুর:

২০ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে লক্ষ্মীপুরে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে শহরের বিসিক শিল্পনগরী এলাকায়, বাস টার্মিনাল, মিয়ার রাস্তার মাথায় অবরোধের সমর্থনে মিছিল করেছে যুবদল-ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এ সময় বেড়ির মাথা নামক স্থান থেকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর লোকমান হোসেনসহ ১৩ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে আটক করে। এছাড়া ভোররাতে নাশকতার আশংকায় সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর ও চন্দ্রগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানান, নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

বেগমগঞ্জ:

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।
বুধবার বিকাল ৫টার দিকে চৌমোহনী বাজারের রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে চৌমোহনী পূর্ব বাজার থেকে বিএনপির ৪/৫ হাজার নেতাকর্মী একত্রিত হয়ে মিছিল বের করে। মিছিলটি রেলস্টেশন এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়।

পুলিশ সংখ্যায় কম থাকায় তাদের ধাওয়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় বাজারের ৩০/৩৫টি দোকানে ভাঙচুর, তিনটি মোটরসাইকেল ও দু’টি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় তারা।

পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ারশেল ও শটগানের গুলি ছোঁড়ে পুলিশ।

বিকাল সাড়ে ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ রয়েছে বলে জানা গেছে।

নোয়াখালী পুলিশ সুপার ইলয়াছ শরীফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় এক সেচ্ছাসেবক দল নেতা ও মহালছড়ি উপজেলায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

বুধবার দুপুরের দিকে এসব বিচ্ছিন্ন ঘটনা সংগঠিত হয়। এসব ঘটনায় তিন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

মহালছড়ি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বকুল অভিযোগ করে বলেন, সকালে ছাত্রদল কর্মীরা উপজেলা সদরের কুমিল্লা টিলা এলাকার ইটভাটার সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিল। এ সময় পুলিশের সহায়তা নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চৌধুরী ও বর্তমান সভাপতি জিয়াউর রহমানসহ ২৫/৩০ কর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় ছাত্রদল কর্মীরা তাদের প্রতিহত করে। প্রায় আধ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও ক্রীড়া সম্পাদক কাওছার আলম গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অপরদিকে, পাল্টা অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রোকন মিয়া বলেন, উপজেলা যুবলীগের সদস্য জাহেদুল আলম চৌংড়াছড়ি থেকে বাজারে আসার সময় ছাত্রদলের পিকেটাররা তার ওপর হামলা চালানোয় ছাত্রলীগ কর্মীরা তা প্রতিহত করেছে।

এদিকে আহত ছাত্রদল ও যুবলীগের আহত তিন জন বর্তমানে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের ভাইবোনছড়া বাজারে একা পেয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমাসের ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত হয় আলমাস।

পরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আহত আলমাসকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে ওই তিনজনকেই আটক করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ