আজ মহাষ্টমী। আজ কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মঠে মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয় সকাল ৬টা ১০ মিনিটে। আর কুমারী পূজা অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে। এরপর সন্ধিপূজা আরম্ভ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং শেষ হবে ১টা ২ মিনিটের মধ্যে।
দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে সপ্তমী। আজকের মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
ঢাকার রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক এবং তন্ত্রধারী স্থিরাত্মানন্দ মহারাজ (নিরঞ্জন মহারাজ) জানান, মহাষ্টমীর দিন সকাল ১০টা ৩০ মিনিটে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘যে জগৎমাতাকে (দেবী দুর্গা) আমরা আরাধনা করি, তিনি সকল নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার জন্যই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার মূল লক্ষ্য।’
কুমারী পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে মহারাজ বলেন, ‘দেবী দুর্গার সামনে বসিয়ে ঠিক যেভাবে তার আরাধনা করা হয়, একইভাবে কুমারীকে সে সম্মান প্রদান করা হয়। শুধু মাটির প্রতিমা নয়, নারীর মধ্যেও মাতৃভাব আনা হয়।’
বিশুদ্ধ স্বভাবের গুণাবলি দেখে একজন নারীকে কুমারী হিসেবে নির্বাচিত করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়।’
প্রসঙ্গত, এ বছর সারা দেশে ২৮ হাজার ৪৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৭ হাজার ৮৫৮। রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা ২২১।
এসএইচ





