বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউআইউ শৃঙ্খলা কমিটির জরুরি সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় মোনসের আলীকে (শিক্ষার্থী আইডি নম্বর: ০১১২২৩০৮৫৬) বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে বুধবার সকালে মোনসের আলী ইসলাম ধর্ম, আল্লাহ, মহানবী ও কোরআন নিয়ে কটূক্তিমূলক কথা বলেছেন অভিযোগ তুলে তাকে মারধর করেন একদল শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যান। এসময় শিক্ষার্থীরাও মেডিকেল সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

সেসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুই দফা দাবি জানান। প্রথমটি হলো- অতি দ্রুত মোনসের আলীকে স্থায়ী বহিস্কার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় দাবি হলো- অতি দ্রুত ধর্মীয় মূল্যবোধ শেখানোর মতো কোনো আয়োজন করতে হবে এবং ওই দিন সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে হবে।

এর আগে পবিত্র কোরআন অবমাননা করায় গত ৫ অক্টোবর অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি গ্রেফতারও হয়েছেন।

এমএম