প্রতিবছর হজ মৌসুমে (০৯ জিলহজ) পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তনের ঐতিহ্য থাকলেও এবার সেটি রক্ষা করা হয়নি। বরং এ বছর তা বদলানো হবে আগামী (শনিবার, ৩০ জুলাই)। হিজরি নববর্ষকে (০১লা মুহাররম) কেন্দ্র করে চলতি বছর কাবার গিলাফ বদলানো হচ্ছে।
মঙ্গলবার আলআরাবিয়া জানায়, পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইসের নেতৃত্বে শনিবার গিলাফ পরিবর্তন করা হবে।
গিলাফ পরিবর্তনে অন্তত ১৬৬ জন কারিগর ও কর্মী অংশগ্রহণ করবেন। এ বছরের কাবার গিলাফ তৈরিতে প্রায় দুই শ’ কারিগর ও কর্মী কাজ করেছেন বলে আলআরাবিয়া জানায়। সংবাদমাধ্যমটির তথ্যমতে, ওই কর্মীরা ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হলি কাবা কিসওয়া’র বিভিন্ন পর্যায়ে কর্মরত।
উল্লেখ্য, কাবাঘরের গিলাফ তৈরিতে ১৬ মিটার দীর্ঘ কম্পিউটার পরিচালিত সেলাই মেশিন ব্যবহৃত হয়েছে। এটি পৃথিবীর সর্ববৃহৎ সেলাই মেশিন। এ ছাড়া ৬৭০ কেজি সিল্ক, ১২০ কেজি স্বর্ণের সুতা এবং ১০০ কেজি রৌপ্যের সুতা ব্যবহার হয়ে থাকে। ৬৫৮ বর্গমিটার আয়তনের গিলাফটি ৪১টি বস্ত্রখণ্ড জোড়া দিয়ে তৈরি করা হয়। এতে ব্যয় হয় ১৭ মিলিয়ন সৌদি রিয়াল। সূত্র : আলআরাবিয়া।
এবিএস





