আজ শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়।

রমজান মাসজুড়ে পবিত্র রোজা রাখা আর ইবাদত-বন্দেগির পর আজ দেশের ধর্মপ্রাণ কোটি কোটি মুসল্লিরা, এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে জুমার নামাজে শামিল হন। জুমাতুল বিদা মুসলমানদের জন্য অত্যন্ত পুণ্যবহ দিন হওয়ায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর সবগুলোতে মসজিদে মুসল্লিদের ভিড় ছিল লক্ষণীয়।

আজকের জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান’। অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান।

রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এমনিতেই সপ্তাহে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। তদুপরি রমজানের মাস হওয়ায় এবং রমজানের শেষ জুমা হওয়ায় এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, জুমাতুল বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের শুধু ভিতরেই নয়, মুসল্লীদের অত্যধিক সমাগমের কারণে উত্তর, পূর্ব ও দক্ষিণ পাশের রা¯তায়ও তিল ধারণের জায়গা ছিল না।

জুমাতুল বিদার এ দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ