আজ পবিত্র শবে বরাত। মহিমান্বিত রজনী। মানুষের জন্যে মহান রাব্বুল আলামিন যে পাঁচটি রাতকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন তার মধ্যে লাইলাতুল বরাত বা শবে বরাত অন্যতম। বিশ্বের মানুষের যাবতীয় মঙ্গল-অমঙ্গল, রিজিক-দৌলত সবকিছুই নির্ধারিত হবে এই পবিত্র রাতে। তাই এই রাতকে সৌভাগ্যের রজনীও বলা হয়ে থাকে।
হাদিসে উল্লেখ আছে, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) বলেছেন, ‘শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত স্মরণ করো’। এই রাতের কথা উল্লেখ আছে পবিত্র কোরআন, হাদিস ও তার ব্যাখ্যামূলক গ্রনে’। মাহে শাবান বা শাবান মাসকে প্রিয় নবী (সা.) নিজের মাস বলে উল্লেখ করেছেন। হযরত আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসুল ইরশাদ করেছেন, শাবানের এই নামকরণের কারণ হলো এ মাসে রমজানের অবারিত কল্যাণ ও বরকত হাসিলের নানামুখী দুয়ার খুলে দেওয়া হয়। বিশ্বের কোটি কোটি মুসলিম এই মঙ্গলময় রাতে বিশেষ প্রার্থনায় মিলিত হয়ে সৃষ্টিকর্তার প্রতি তাদের হৃদয়ের আর্তি, আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া ও গুনাহ মাফের জন্যে প্রার্থনা করবেন।
আজকে তাঁরা তাঁদের ভবিষ্যৎ চাওয়া-পাওয়ার সাথে সাথে বিগত দিনের সকল ভুল-ভ্রান্তি ও পাপ মোচনের জন্যে আকুল আবেদন জানাবেন। আর পরম দয়ালু আল্লাহ তাঁর অনুগত বান্দাদের আরজি শোনার জন্যে প্রথম আসমানে অবতরণ করবেন।
তখন তিনি ঘোষণা করেন – কে আছ ক্ষমা ও দয়াপ্রার্থী, আমি আজ তাকে ক্ষমা করে দেবো। জীবিকাপ্রার্থী কে আছ আমি তাকে জীবিকা দান করব।
এভাবেই আল্লাহ পাক তাঁর বান্দাদের ক্ষমা করে দেওয়ার জন্যে তাঁর রহমতের দুয়ার উন্মুক্ত করে দেন।
তবে এই মহিমান্বিত রাতেও কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্যের ব্যক্তিকে ক্ষমা করা হবে না। এরা হলো মুশরিক, জাদুকর, গণৎকার, ব্যাভিচারী, সুদখোর, মদ্যপ, পিতা-মাতাকে কষ্টদানকারী সন্তান এবং গিবৎকারী বা কুৎসা রটনাকারী।
এই পবিত্র রাতকে সামনে রেখে মহান রাব্বুল আলামিনের করুণাধারায় সিক্ত হতে আমরা সবাই যেন উপরিউক্ত দোষ ও কর্ম থেকে নিজেদের নিবৃত্ত রাখি।
আমরা যেন এই মহিমান্বিত রাতে আল্লাহর করুণাসিক্ত হতে পারি তার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি। সৎভাবে জীবন নির্বাহ করে আপন পিতা-মাতা ও আত্মীয়-পরিজনদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করি। ক্ষমার অযোগ্য কর্মগুলো থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর ক্ষমা পাওয়ার সুযোগ হাতছাড়া না করি।
প্রতিবছর শবে বরাতের রাতে আল্লাহর পরম দয়া ও কৃপা লাভের সুযোগ পাই আমরা। তাই ইবাদত-বন্দেগি ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে যেন এই রাতের ফজিলতকে আমরা কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের সবার দোয়া কবুল করার সৌভাগ্য দান করেন।
ঢাকা, ১৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





