দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী কান্তজীউ'র রাস উৎসব । বৃহস্পতিবার মধ্য রাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এ রাস উৎসব ও মেলার। এর আগে বৃহস্পতিবার বিকালে মাস ব্যাপী রাস মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
মাস ব্যাপী এ মেলা দেশের দূর-দূরান্ত থেকে আসা পুন্যার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট-এর এজেন্ট অমলেন্দু ভৌমিক জানিয়েছেন রাস উৎসব দর্শনে প্রায় দুই লক্ষাধিক ভক্তপুন্যার্থী ও দেশী-বিদেশী পর্যটকদের সমাগম ঘটে।
তিনি বলেন, উপ-মহাদেশের মধ্যে বিরল পোড়া মাটির টেরাকোটা খচিত কারুকার্য সম্বলিত কান্তনগর মন্দির দেশী বিদেশী পর্যটকদের কাছে যেমন আকর্ষনীয় তেমনিভাবে ভক্তপ্রান হিন্দু সম্প্রদায়ের কাছে তীর্থ স্থান হিসাবে চিহ্নিত হয়ে আসছে।
অমলেন্দু আরও জানান, রাস উৎসবের রাতে মন্দির আঙ্গিনায় রাত্রি যাপন করা মহাপূণ্যের কাজ ভক্তরা বিশ্বাস করেন। মাস ব্যাপী মেলা উপলক্ষে মেলায় আগতদের পূণ্য অর্জনের পাশাপাশি নির্মল বিনোদনের জন্য নাম করা সার্কাস ও ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে।
এছাড়াও অসংখ্য খাবারের দোকান, মৃৎ শিল্প, কারু শিল্প, চুরি, শাখা, সিঁদুরসহ নানা ধরনের ধর্মীয় পুস্তকের দোকান বসেছে। নওগাঁ, নাটোর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর, জয়পুরহাট, রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে দোকানীরা এসেছেন তাদের পসরা নিয়ে।
এআর





