বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বিদেশি মেহমানদের মধ্যে এসেছেন মালয়েশিয়ান মানবতার ফেরিওয়ালা ওস্তাদ ইবিট লিও।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, ইবিট লিও টঙ্গী রেল স্টেশন এলাকায় বৃহস্পতিবার ছিন্নমূল শিশু ও রেল স্টেশন কেন্দ্রিক অসহায়, সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন। এ সময় তাকে বেশ উৎফুল্লও দেখা গেছে।

এসময় তিনি জানান, বুধবার রাতে বাংলাদেশে আসেন। একদিন পর তিনি ইজতেমা ময়দানে আসেন। আসার পর পরই জামাতের নিয়মমাফিক অনুমতি নিয়ে তিনি টঙ্গী রেল স্টেশন এলাকায় যান। জামাত থেকে তাকে রাহাবার দেয়া হয়।

তাদের নিয়েই তিনি খাবার বিতরণ করেন। ইজতেমা শেষ হলে তিনি বাংলাদেশে বেশ কিছুদিন থাকবেন। ধর্মীয় কাজসহ মানবিক বিভিন্ন কাজ করবেন। এ সময় তাকে জামাতের সাথী ভাইয়েরা সহযোগিতা করবেন।

ইবিট লিও ফেসবুক পোস্টে বলেন, ‘তাদের এই অবস্থা দেখে আমার অনেক কষ্ট লেগেছে। যারা রেলওয়েতে থাকে তাদের জন্য আমরা খাবার সরবরাহ করি। এই শীতের সকালে তারা গরম খাবার পেয়ে খুবই খুশি। এখানে ছোট ছোট অনাথ শিশু আছে। এখানকার জীবন আশ্চর্যজনক যা থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। এখানে নানান প্রকৃতির মানুষ আছে এবং তারা সবাই খুব বন্ধুসুলভ।’

মালয়েশিয়ার মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ ওস্তাদ ইবিট লিও। নিজের কাজের মাধ্যমে ইবিট লিও ইতোমধ্যে জনগণের কাছে একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত হয়ে ওঠেছেন। যেকোনো বিপদ-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যান সাধারণ মানুষের কাছে।

এইচএম