আসছে ২ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে ৮ম হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজন করছে। মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব জানান হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার।

বাহার বলেন, ‘আগামী ২ জানুয়ারি মেলা উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।’

মেলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশ থেকে মোট ৯৮ হাজার ৭৬২ জন পবিত্র হজ পালন করেন। তারমধ্যে ৯৭ হাজার ২৪২ জন বেসরকারিভাবে যান। আর এবার ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রীকে বেসরকারি ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাই হজ্জযাত্রীদের সচেতনতা বাড়ানো, মধ্যস্বত্বভোগী বর্জন, হজ সংক্রান্ত তথ্য ও প্রশিক্ষণ দেয়াই এ মেরার মূল লক্ষ্য।’

হজযাত্রী পরিবহনে থার্ড কেরিয়ার উন্মুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘থার্ড কেরিয়ার উন্মুক্ত করা হলে স্বল্প সময়ে হাজীরা দেশে ফিরতে পারবেন, টিকিট সিন্ডিকেট ও কালোবাজারির স্বেচ্ছাচারিতা বন্ধ হবে।’

‘হজ ব্যবস্থার আধুনিকায়ন করতে মধ্যস্বত্বভোগী দালাল ও কাফেলামুক্ত হজ ব্যবস্থায় আমরা কাজ করে যাচ্ছি। হজযাত্রীরা হজের বিভিন্ন নিয়মসহ আনুষাঙ্গিক তথ্য এই মেলা থেকে জানতে পারবেন।’

চট্টগ্রাম ও সিলেটেও এই মেলা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হাবের সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, মহাসচিব শেখ আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব ফরিদ আহম্মেদ মজুমদার, কাযনির্বাহী সম্পাদক প্রফেসর আবদুর রাজ্জাক প্রমুখ।

জেআই