তখন হিজাযে উদ্ভূত রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য সুফিয়ানীকে উদ্বুদ্ধ করা হবে। ইমাম মাহদির সরকার- যার কথা সবার মুখে মুখে আলোচিত হতে থাকবে এবং মক্কা নগরী থেকে যার শুভ সূচনা হবে তা ধ্বংস করার জন্য সুফিয়ানী সরকারকে শক্তিশালী করা হবে।
এতদুদ্দেশ্যে সুফিয়ানী হিজাযে তার সেনাবাহিনী প্রেরণ করবে। তার সেনাবাহিনী মদিনা নগরীতে প্রবেশ করেই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরপর তারা পবিত্র মক্কাভিমুখে রওয়ানা হবে। ইমাম মাহদি (আ.) মক্কা নগরী থেকেই তাঁর আন্দোলন শুরু করবেন।
এরপর পবিত্র মক্কা নগরীতে পৌঁছানোর আগেই সুফিয়ানী বাহিনীকে কেন্দ্র করে যে মহা অলৌকিক ঘটনা (মুজিযা) ঘটার প্রতিশ্রুতি মহানবী (সা.) দিয়েছিলেন তা বাস্তবায়িত হবে অর্থাৎ সুফিয়ানী বাহিনী ভূগর্ভে প্রোথিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হবে।
“একজন আশ্রয় গ্রহণকারী মহান আল্লাহর গৃহে (বায়তুল্লাহয়) আশ্রয় নেবে। তখন একটি সেনাবাহিনী তার পিছনে প্রেরণ করা হবে। যখনই তারা মদিনার মরুভূমিতে (মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে) পৌঁছবে তখন তারা ভূগর্ভে প্রোথিত হবে।”
ইরাকে ইরানী ও ইয়েমেনীয়দের হাতে পরাজয় বরণ এবং ইমাম মাহদি (আ.)-এর হাতে হিজাযে ভূগর্ভে দেবে যাওয়ার মুজিযা সংঘটিত হওয়ার মাধ্যমে সুফিয়ানী বাহিনীর পরাজয় বরণ করার পর সুফিয়ানী পশ্চাদপসরণ করবে। আর ইমাম মাহদি সেনাবাহিনী নিয়ে দামেস্ক ও বাইতুল মুকাদ্দাস (আল কুদস) অভিমুখে রওয়ানা হবেন। সুফিয়ানী ইমাম মাহদি (আ.)-কে মোকাবিলা করার জন্য শাম দেশে তার সেনা বাহিনী সংগ্রহ ও পুনর্গঠনে ব্যস্ত থাকবে।
রেওয়ায়েতসমূহে এ যুদ্ধকে ‘এক মহা বীরত্বপূর্ণ ঘটনা’ বলে আখ্যায়িত করা হয়েছে যা উপকূলীয় এলাকায় আক্কা থেকে সূর (سور) ও আনতাকিয়াহ্ পর্যন্ত এবং শামের অভ্যন্তরে দামেস্ক থেকে তাবারীয়াহ্ ও কুদস পর্যন্ত বিস্তৃত হবে।
ঠিক একইভাবে কতিপয় রেওয়ায়েতে অপর একটি আন্দোলনের কথা উল্লিখিত হয়েছে যা ইমাম মাহদি (আ.)-এর সরকারের ক্ষেত্র প্রস্তুতকারী এবং ইয়েমেনে সংঘটিত হবে। এ আন্দোলন ও বিপ্লবের নেতা ইয়েমেনীকে এ সব রেওয়ায়েতে ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং তাঁকে সাহায্য করা মুসলমানদের ওপর ওয়াজিব বলে গণ্য করা হয়েছে।
“পতাকাসমূহের মধ্যে ইয়ামানীদের পতাকার চেয়ে হিদায়েতকারী আর কোন পতাকা নেই। ইয়ামানীর আবির্ভাব ও উত্থানের পর জনগণের কাছে অস্ত্র বিক্রি করা হারাম হয়ে যাবে। আর যখন সে আবির্ভূত হবে এবং আন্দোলন করবে তখন তাকে সাহায্য করার জন্য দ্রুত ছুটে যাবে।
কারণ তার পতাকা হবে হিদায়েতের পতাকা। তার বিরোধিতা করা কোন মুসলমানের জন্য জায়েয হবে না। যদি কোন ব্যক্তি এ কাজ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। কারণ ইয়ামানী জনগণকে সত্য ও সৎ পথের দিকে আহ্বান জানাবে।”
যেমন করে আমরা রেওয়ায়েতগুলো থেকে সুফিয়ানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইরানীদের সাহায্য করার জন্য ইরাকে ইয়ামানী বাহিনী প্রবেশ করার বিষয়টি জানতে পারি ঠিক তেমনি হিজাযে মাহদি (আ.)-কে সাহায্য করার ক্ষেত্রে ইয়ামানী ও তাঁর সেনাবাহিনীর ভূমিকার কথাও জানতে পারি।
অনুরূপভাবে কতিপয় রেওয়ায়েতে ইয়ামানী ও সুফিয়ানী বাহিনীর আবির্ভাবের আগে একজন মিশরীয় ব্যক্তির আন্দোলনের কথা বর্ণিত হয়েছে। আবার মিশরীয় সেনাপ্রধানের নেতৃত্বে পরিচালিত আরেকটি আন্দোলন এবং মিশরের আশপাশের কিবতিদের পরিচালিত তৎপরতার কথাও ঐ সব রেওয়ায়েতে বর্ণিত হয়েছে।
এরপর ঐ সব রেওয়ায়েত মিশরে পাশ্চাত্য অথবা মাগরিবী (মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ার সাথে সংশ্লিষ্ট) সেনাবাহিনীর অনুপ্রবেশ এবং এর পরপরই শাম দেশে সুফিয়ানীর আবির্ভাব ও উত্থানের কথা আমাদেরকে অবহিত করে।
“তখন তারা (ইমাম মাহদি ও তাঁর সঙ্গী-সাথীরা) মিশরে প্রবেশ করবে এবং সে সেখানে মিম্বারে আরোহণ করে সে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবে। পৃথিবী ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার ফলে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে যাবে। আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হবে। বৃক্ষরাজি ফলদান করবে। ভূপৃষ্ঠে উদ্ভিদ জন্মাবে এবং তা পৃথিবীবাসীদের জন্য শোভাবর্ধক হবে।
বুনো জীব-জন্তু নিরাপদে বসবাস করবে, সেগুলো গৃহপালিত পশুর মতো নিরুপদ্রবে সর্বত্র চড়ে বেড়াবে। মুমিনদের অন্তরে জ্ঞান-বিজ্ঞান এতটা স্থায়ী আসন গেঁড়ে বসবে যে, কোন মুমিনই জ্ঞানার্জনের জন্য তার দীনী ভাইয়ের মুখাপেক্ষী হবে না। ঐ দিন ‘মহান আল্লাহ্ সবাইকে তাঁর অসীম সম্পদের মাধ্যমে ধনাঢ্য করে দেবেন’ (يغني الله كلّا من سعته)- পবিত্র কোরআনের এ আয়াতটির বাস্তব নমুনা স্পষ্টভাবে প্রকাশিত হবে।”
তবে অনেক রেওয়ায়েত অনুযায়ী মুসলিম দেশ মাগরিবের (মরক্কো ও পার্শ্ববর্তী দেশগুলো) সেনাবাহিনী শাম ও মিশরে প্রবেশ করবে। এদের একটি অংশ ইরাকেও প্রবেশ করবে। তাদের ভূমিকা হবে বাধাদানকারী আরব অথবা আন্তর্জাতিক বাহিনীর ভূমিকার ন্যায়। তাই তারা ইসলাম ও মুসলমানদের স্বার্থ সংরক্ষণকারী হবে না। বরং এ বাহিনী শামে ইমাম মাহদি (আ.)-এর সরকারের ক্ষেত্র প্রস্তুতকারীদের এবং ইরানী সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে।
এরপর তারা জর্দানের দিকে পশ্চাদপসরণ করবে এবং তাদের অবশিষ্টাংশ সুফিয়ানীর অভ্যুত্থানের পর পশ্চাদপসরণ করবে অথবা তার সাথে যোগ দেবে। অতঃপর তারা মিশরীয়দের আন্দোলন ও গণঅভ্যুত্থানের সম্মুখীন মিশর সরকারের সাহায্যার্থে অথবা শামে সুফিয়ানীর উত্থানের সামান্য প্রাক্কালে যে পাশ্চাত্য বাহিনী মিশরে প্রবেশ করবে তাদেরকে সাহায্য করার জন্য মিশরের দিকে দ্রুত অগ্রসর হবে।
ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের যুগের সাথে সংশ্লিষ্ট রেওয়ায়েতটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, শেষ জামানায় ইহুদীরা পৃথিবীর বুকে ফিতনা সৃষ্টি এবং দম্ভ প্রকাশ করবে। তারা নিজেদেরকে সকলের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করবে।
মহান আল্লাহ্ পবিত্র কোরআনে তাদের এ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তাদের দম্ভ এবং শ্রেষ্ঠত্ব অন্বেষী মনোবৃত্তি ঐ সব পতাকাবাহীর হাতে চূর্ণ হয়ে যাবে যারা খোরাসান (ইরান) থেকে বের হবে।
“ইসলামের ঝাণ্ডাগুলো আল কুদসে পতপত করে ওড়া পর্যন্ত তাদেরকে (খোরাসানীদেরকে) তাদের সিদ্ধান্ত থেকে কোন কিছুই বিরত রাখতে পারবে না।”
ইরানীরা এমন এক জাতি যাদেরকে মহান আল্লাহ্ শীঘ্রই ইহুদীদের ওপর বিজয়ী করবেন। কোরআনের ভাষায় :
“আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে অতি শক্তিশালী বান্দাদেরকে প্রেরণ করব।”
ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের আগে এবং পরে এক দফায় অথবা কয়েক দফায় ইহুদীদের যে প্রতিশ্রুত ধ্বংস সংঘটিত হবে তা রেওয়ায়েতসমূহে সুনির্দিষ্ট করা হয়নি।
তবে এ সব রেওয়ায়েতে তাদের ধ্বংসপ্রাপ্তির সর্বশেষ পর্যায় উল্লেখ করে বলা হয়েছে যে, ইমাম মাহদি (আ.) এবং তাঁর সেনাবাহিনী- যার অধিকাংশ সদস্যই হবে ইরানী তাঁদের হাতে এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
এ ঘটনাটি বিরাট এক যুদ্ধ আকারে সংঘটিত হবে। এ যুদ্ধে শামের শাসনকর্তা উসমান সুফিয়ানী ইহুদী জাতি ও রোমীয়দের (পাশ্চাত্য) পাশে এবং তাদের প্রতিরক্ষা ব্যূহের প্রথম কাতারে অবস্থান করবে।
কতিপয় রেওয়ায়েত অনুসারে ইমাম মাহদি (আ.) আনতাকিয়ার একটি গুহা, ফিলিস্তিনের একটি পাহাড় এবং তাবারীয়ার হ্রদ থেকে তাওরাতের আসল কপিগুলো বের করে আনবেন।
তিনি তাওরাতের সেই সব কপির ভিত্তিতে ইহুদীদেরকে দোষী সাব্যস্ত করবেন এবং তাদের কাছে নিদর্শন ও মুজিযাগুলো স্পষ্ট করে প্রকাশ করবেন।
আল কুদস মুক্ত করার যুদ্ধের পর যে কিছু সংখ্যক ইহুদী বেঁচে যাবে তারা ইমাম মাহদির কাছে আত্মসমর্পণ করবে এবং যারা আত্মসমর্পণ করবে না তাদেরকে আরব দেশগুলো থেকে বিতাড়িত করা হবে।
রেওয়ায়েতগুলো থেকে প্রতীয়মান হয় যে, ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের কিছু আগে রোমান ও তুর্কীদের মধ্যে অর্থাৎ পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে একটি বিশ্বযুদ্ধ সংঘটিত হবে যার সূত্রপাত হবে পূর্ব দিক হতে।
আরো কিছু রেওয়ায়েত থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে, উপরিউক্ত যুদ্ধ আসলে একাধিক আঞ্চলিক যুদ্ধ আকারে সংঘটিত হবে।
“ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের বছরে পৃথিবীতে অনেক যুদ্ধ সংঘটিত হবে যেগুলোর দ্বারা পাশ্চাত্যজগৎ (মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ) ক্ষতিগ্রস্ত হবে।”
“জ্বালানি কাঠে যেভাবে আগুন ধরে ঠিক তদ্রূপ পাশ্চাত্যে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত হবে। প্রাচ্য ও পাশ্চাত্যবাসীদের মধ্যে, এমনকি মুসলমানদের মধ্যেও মতবিরোধ দেখা দেবে। আর মানব জাতি নিরাপত্তাহীনতার ভীতির কারণে কঠিন দুঃখ-কষ্ট ও বিপদের মুখোমুখি হবে।”
ঠিক একইভাবে আরো কিছু হাদিস থেকে জানা যায় যে, এ যুদ্ধের ফলে সংঘটিত জান-মালের ক্ষয়ক্ষতি ছাড়াও তার আগে ও পরে সমগ্র বিশ্বব্যাপী যে প্লেগ বা মহামারী দেখা দেবে তাতে বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ ধ্বংস হবে। তবে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যতীত মুসলমানগণ সরাসরি এ ক্ষয়ক্ষতির শিকার হবে না।
“বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যা ধ্বংস না হওয়া পর্যন্ত এ ঘটনা (ইমাম মাহদির আবির্ভাব) ঘটবে না।
আমি জিজ্ঞাসা করলাম : যখন পৃথিবীর জনসংখ্যার দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে যাবে তখন আর কোন্ ব্যক্তি অক্ষত থাকবে?” ইমাম বললেন, “তোমরা কি অবশিষ্ট এক-তৃতীয়াংশের মধ্যে থাকতে চাও না?”
কিছু কিছু রেওয়ায়েতে ইঙ্গিত করা হয়েছে যে, এ যুদ্ধ বেশ কয়েকটি ধাপে সংঘটিত হবে। আর ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাব, তাঁর হিজায মুক্তকরণ এবং ইরাকে তাঁর প্রবেশ করার পরই এ যুদ্ধের সর্বশেষ পর্যায় এসে যাবে।
(আল্লামা আলী আল কুরানির 'ইমাম মাহদি-আ.'র আত্মপ্রকাশ' শীর্ষক বই-অবলম্বনে। বইটির অনুবাদক মোহাম্মাদ মুনীর হোসেন খান) সূত্র: রেডিও তেহরান
এসএইচ





