শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসছেন। আর দেবী স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে আজ বিজয়া দশমীর বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভা যাত্রাসহ সদরঘাট নৌ-টর্মিনালে নিয়ে যাওয়া হবে। সেখানে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। দেবী মর্ত্যলোক থেকে আবার স্বর্গলোকে গমন করবেন।

জানা যায়, এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি। গত বছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ২২৯টি মণ্ডপে।

এবার সবচেয়ে বেশি এক হাজার ৬৮৪টি পূজামণ্ডপ তৈরি হয়েছে চট্টগ্রাম জেলায়। এছাড়া দিনাজপুর জেলায় এক হাজার ২১৯টি, গোপালগঞ্জে এক হাজার ১৫৪টি এবং টাঙ্গাইলে এক হাজার ১৫০টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল জানান, এবার ঢাকা বিভাগে ছয় হাজার ৩৯৩টি, বরিশাল বিভাগে এক হাজার ৬০১টি, রাজশাহীতে তিন হাজার ৩১৫টি, খুলনায় চার হাজার ৬৩২টি, ময়মনসিংহে এক হাজার ৮৫৪টি, চট্টগ্রাম বিভাগে চার হাজার ১৫০টি, রংপুর বিভাগে পাঁচ হাজার ১০টি, সিলেটে দুই হাজার ৪৪০টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

গত শুক্রবার (৭ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন।

 


এমএনজে