টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাতের ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার)। যা ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
৪ দিন বিরতির পর ২০ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে দ্বিতীয় পর্ব। যা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২২ জানুয়ারি (রোববার) শেষ হবে। বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৬ সালে ৫১তম বিশ্ব ইজতেমায় যে ৩২টি জেলার মুসল্লিদের অংশ নেওয়ার সুযোগ হয়নি। সেই ৩২টি জেলার মুসল্লিরা আগামী ২০১৭ সালে বিশ্ব ইজতেমার দুই পর্বে অংশ নেবেন। ২০১৬ সালে যেসব জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন, ২০১৭ সালে সেসব জেলার মুসল্লিরা অংশ নিতে পারবেন না। তবে বিদেশি মুসল্লিরা বিশ্ব ইজতেমার দুই পর্বেই অংশ নেওয়ার সুযোগ থাকবে।
আগামী ১৩ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ৫২তম বিশ্ব ইজতেমার দুই পর্বে যেসব জেলার মসুল্লিরা অংশ নিতে পারবেন। সেই জেলাগুলো হলো- গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা।
২০১৬ সালে ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত ৮ জানুয়ারি। যা শেষ হয় ১০ জানুয়ারি। ৪ দিন বিরতির পর ১৫ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমা। যা ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
এমএনজে





