আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

দেশ-বিদেশের লাখো মুসল্লি তিন দিনব্যাপী এ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেবেন।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের মাওলানা মুহাম্মদ সাদ। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়তি বয়ান।

মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন।

জিকির আসকার, ইবাদত বন্দেগি আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শোনার মধ্যদিয়ে মসল্লিরা বিশ্ব ইজতেমার দুইদিন অতিবাহিত করেছেন।

ইজতেমার আগত মুসল্লির বাইরেও গাজীপুর এবং রাজধানী ঢাকা ও আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে ইজতেমাস্থলে আসছেন।

অনেকেই আখেরি মোনাজাতে শরিক হবার উদ্দেশ্যে শনিবারই ইজতেমা মাঠে এসে পৌঁছেছেন। এমনকি ইজতেমাস্থলের আশপাশে আত্মীয়স্বজনের বাড়িতে এসে উঠেছেন।

ইজতেমাস্থলের আশপাশ এলাকায় যানবাহন চলাচল রাত থেকে বন্ধ থাকায় ফজরের নামাজের পর থেকে হেটে দলে দলে মানুষ ইজতেমাস্থলে আসছেন। আখেরি মোনাজাত শুরুর আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।

টঙ্গী স্টেশনের স্টেশনমাস্টার মো. হালিমুজ্জামান জানান, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে আখেরি মোনাজাতের দিন ২৩টি বিশেষ ট্রেন এবং সকল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ ১১১টি ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ব ইজতেমায় আসা ইন্দোনেশিয়ান মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক ইন্দোনেশিয়ান নাগরিক শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের নাম পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৫)।

বিশ্ব ইজতেমা পরিচালনা কমিটির মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, ওই বিদেশি হৃদরোগে আক্রান্ত হন (বুকে ব্যাথা অনুভব করেন)।

প্রথমে তাকে ফরেন ক্যাম্পের চিকিৎসক ও পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ব ইজতেমায় এশার নামাজের পর তার নামাজে জানাজা শেষে বিশ্ব ইজতেমা ময়দানের কবরস্থানেই তার ইচ্ছানুযায়ী তাকে দাফন করা হয়েছে। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমার মুরুব্বীরা জানান, ইজতেমা ময়দানে মুসল্লিদের স্থান সঙ্কুলান না হওয়ায় এবার প্রথমধাপে অংশ নিয়েছেন ঢাকাসহ ১৭টি জেলার তাবলিগের মুসল্লিরা।

১৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য দ্বিতীয়ধাপে অংশ নেবে ঢাকাসহ ১৬টি জেলার মুসল্লিরা। আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয়াপের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের দুধাপের বিশ্ব ইজতেমা। এ দুই ধাপে ৩২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

এমকে