মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় বৃহস্পতিবার বিশ্বের ৩০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লী এখন মিনায় অবস্থান করছেন। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর রয়েছেন তারা। মিনায় বৃহস্পতিবার দিনভর ইবাদত বন্দিগী শেষে শুক্রবার প্রত্যুষে তারা আরাফাত ময়দানে জমায়েত হবেন।

মহান প্রভুর দরবারে সবাই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির লক্ষ্যে দোয়া করবেন। এটাই ইয়ামুল আরাফা নামে অভিহিত। এই দিনে আরাফাত ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ। কেউ যদি আরাফাত ময়দানে অবস্থান না করেন তাহলে তার হজ আদায় হবে না।

বাংলাদেশ থেকে এবার ৯৮ হাজার ৬৩৪ জন পবিত্র হজব্রত পালন করছেন।

হজের দিনে হাজিদের নির্বিঘ্নে হজব্রত পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। ইতোমধ্যে হজ মন্ত্রণালয়ের লক্ষাধিক কর্মকর্তা, সিভিল ডিফেন্স কর্মী, নিরাপত্তা কর্মী, ডাক্তার, নার্স, প্যারামেডিক এবং মিডিয়া কর্মীদের নিয়োগ দেওয়াসহ ১৮টি অত্যাধুনিক হেলিকপ্টারে করে প্রায় ৫শ’ বিশেষজ্ঞ নিরাপত্তা কর্মী আকাশে টহল দিচ্ছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

এ ছাড়াও পবিত্র কাবার আশপাশের সম্প্রসারিত জায়গাসমূহ হাজিদের জন্য খুলে দেওয়া হয়েছে। হজের মওসুমে ইতোমধ্যে প্রায় ১৩ মিলিয়ন লিটার জমজমের পানি হাজিদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতিদিন প্রায় ৫৬ হাজার বোতল জমজমের পানি তোলা হচ্ছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

এদিকে হজের অনুমতি ব্যতিত পবিত্র মক্কায় প্রবেশকালে ১ লাখ ৪৫ হাজারেরও অধিক হজযাত্রীকে ফেরত পাঠিয়েছে এবং প্রায় ৫১ হাজার গাড়ির লাইসেন্স বাতিল করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেএ