দেশের সব মসজিদে একই পদ্ধতিতে পবিত্র রমযানের খতম তারাবীহ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমযানে দেশের বিভিন্ন মসজিদে খতম তারাবীহ’তে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত না করে বিভিন্ন পরিমাণে তিলাওয়াত করা হয়।
এতে কর্মব্যস্ততার কারণে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লীদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। খতম তারাবীহ’র সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।
এ পরিস্থিতি নিরসনে রমযানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমযান রাতে অর্থাৎ পবিত্র ‘লাইলাতুল ক্বদরে’ কুরআন খতম করা সম্ভব।
ইতোপূর্বে বিষয়টি নিয়ে দেশবরেণ্য আলেম, পীর মাশায়েখ ও ইমামগণের সাথে আলোচনা হলে তাঁরাও এ পদ্ধতিতে খতম তারাবীহ পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন এবং সে মোতাবেক অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয়।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





