হজ্জ এজেন্সিগুলোর প্রতারণা বন্ধ করতে বিশেষ ব্যবস্থা আসছে। এদিকে, আগামী বছর হজ্জে যেতে আগ্রহীদেরকে আগামী ১৫ ডিসেম্বর হতে ৩০ জানুয়ারির মধ্যে টাকা জমা দিতে হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আগামী বছরের হজ্জ ব্যবস্থাপনা নিয়ে একটি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান ।উক্ত সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান।

সচিব বলেন, হজ্জ কার্যক্রমে যাতে কোন জটিলতা না হয় সে লক্ষে হজযাত্রীদের মোয়াল্লেম ফি-সহ (সৌদি সরকারের নির্ধারিত) আরো কিছু বাড়তি ফি (বাংলাদেশ সরকারের কাছে) জমা রাখা হবে।

তাতে হজ্জ এজেন্সিগুলোর প্রতারণার সুযোগ কমে যাবে। এই ব্যবস্থাটি এখনো চূড়ান্ত হয় নি বলে বিস্তারিত জানাতে পারেন নি সচিব।

সৌদি সরকার এবার পুরোপুরি ইলেকট্রনিক পদ্ধতিতে হজ্জ ব্যবস্থাপনা পরিচালনা করবে। এজন্য আমাদের কার্যক্রম দুই মাস এগিয়ে আনা হচ্ছে। এবার হজ্জ যাত্রীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ৮ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ উপস্থাপন করা হবে।

ধোঁকাবাজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্পর্কে জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, "তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি লাইসেন্স বাতিল ওজরিমানাসহ আমরা সকল ব্যবস্থা গ্রহণ করবো।"

এমকে, এমএ