মুনাফিকের পরিচয় ও সংজ্ঞা

‘মুনাফিক’ শব্দের অর্থ প্রতারক বা ধোঁকাবাজ। ইসলামি পরিভাষায় মুনাফিক হলো সেই ব্যক্তি, যে বাহ্যিকভাবে মুসলমান হলেও অন্তরে অবিশ্বাস পোষণ করে। এমন ব্যক্তি ইসলামি সমাজে সবচেয়ে বিপজ্জনক বলে বিবেচিত।

কোরআনে মুনাফিকের চারটি প্রধান বৈশিষ্ট্য

সুরা বাকারার ৮ থেকে ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের চারটি মূল বৈশিষ্ট্য তুলে ধরেছেন—

১. ধোঁকাদানকারী: ‘তারা আল্লাহ এবং ঈমানদারদের ধোঁকা দেয়। অথচ এর মাধ্যমে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। কিন্তু তারা তা অনুভব করতে পারে না।’ (সুরা বাকারা: ৯)

২. অন্তরে রোগ: ‘তাদের অন্তর ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। মিথ্যাচারের কারণে তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব।’ (সুরা বাকারা: ১০)

৩. অশান্তি সৃষ্টিকারী: ‘যখন তাদেরকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।’ (সুরা বাকারা: ১১-১২)

৪. ঈমানদারদের নির্বোধ মনে করা: ‘আর যখন তাদেরকে বলা হয়, অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আন, তখন তারা বলে, আমরাও কি ঈমান আনব নির্বোধদের মতো!’ (সুরা বাকারা: ১৩)

আল্লাহ তাআলা কোরআনে মুনাফিকদের পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে ঘোষণা করেছেন- ‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না।’ (সুরা নিসা: ১৪৫)

এ আয়াত প্রমাণ করে, মুনাফিকের পরিণতি সাধারণ কাফেরের চেয়েও ভয়াবহ। তাদের জন্য জাহান্নামের সবচেয়ে নিচের স্তর নির্ধারিত হয়েছে।

হাদিসে মুনাফিকের আলামত

রাসুলুল্লাহ (স.) বলেন- ‘মুনাফিকের আলামত তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে।’ (সহিহ বুখারি: ৩৩, সহিহ মুসলিম: ৫৯)

অন্য বর্ণনায় এসেছে- ‘ঝগড়া হলে অকথ্য গালি দেয়, চুক্তি করার পর বিপরীত কাজ করে।’ (সহিহ মুসলিম: ৫৮, সুনানে নাসাঈ: ৫০২০)

বিশেষজ্ঞদের বিশ্লেষণ

ইসলামি আলেমদের মতে, মুনাফিক মূলত দুই প্রকার: ১. বিশ্বাসগত মুনাফিক: যারা অন্তরে কুফরি লালন করে; তাদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তর। ২. আমলগত মুনাফিক: যাদের মধ্যে মুনাফিকির কিছু বৈশিষ্ট্য থাকে, তবে তারা ঈমানদার। তাদের জন্য তাওবা ও আত্মসমালোচনা অপরিহার্য।

সতর্কবার্তা ও করণীয়

মুনাফিকি স্বভাব থেকে মুক্ত থাকতে হলে প্রত্যেক মুসলমানের উচিত- ঈমান ও আমলে খালেস নিয়ত বজায় রাখা, মিথ্যা, ওয়াদা ভঙ্গ ও খিয়ানত থেকে দূরে থাকা এবং অন্তরের রোগ দূর করতে ইস্তেগফার ও তাওবা করা।

মুনাফিকি শুধু সমাজের জন্যই নয়, ব্যক্তির পরকালীন জীবনের জন্যও মারাত্মক বিপদ। এ রোগে আক্রান্ত ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং চরম পরিণতি ভোগ করে। তাই প্রত্যেক মুমিনের কর্তব্য, নিজেকে মুনাফিকির সব লক্ষণ থেকে মুক্ত রেখে খাঁটি ঈমান ও আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

এমএম