বুধবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে নির্ধারণ করেছে।

সে অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে তারা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়ি ভাতা পাচ্ছেন। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে এর সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াবে মূল বেতনের ১৫ শতাংশ।

মাউশি জানিয়েছে, এ সুবিধা এমপিও নীতিমালা এবং সরকার জারি করা সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া অর্থ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

ভবিষ্যতে এ খাতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও সতর্ক করেছে মাউশি।

এস