বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা পৌনে ৭টায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদুল আযহার তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করবেন বলে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১৪৩৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ বৃহস্পতিবার দেখা গেলে শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে আগামী ৫ অক্টোবর ঈদুল আযহা পালিত হবে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।
সেক্ষেত্রে জিলহজ মাস গণনা শুরু হবে শনিবার থেকে এবং দেশে কুরবানি ঈদ পালিত হবে ৬ অক্টোবর। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়ে থাকে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন অথবা ফ্যাক্সের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





