আদর্শ দম্পতি বা পরিবার গঠনে স্বামীর অবদান গুরুত্বপূর্ণ। একজন আদর্শ স্বামী হতে হলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত ও দিকনির্দেশনা মেনে চলার বিকল্প নেই। সুখময় ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য ইসলামি জীবন ব্যবস্থা অনুসরণীয়। তাহলো-
১. স্ত্রীর সঙ্গে পরামর্শ করা
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদের সঙ্গে পরামর্শ করতেন। তিনি শুধু ঘরোয়া বিষয়ে তাদের মতামত নিতেন তা নয়; বরং মুসলিম উম্মাহর অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদির ক্ষেত্রেও তাদের মতামতকে গুরুত্ব দিতেন। ইসলামের ইতিহাসে ‘হুদায়বিয়ার সন্ধি’র মতো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে তিনি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে পরামর্শ নিয়েছিলেন। সেই মতামতের অসাধারণ কার্যকারিতা পরে। (বুখারি ২৭৩১)
সুন্নতের অনুসরণে যেকোনো কাজেই স্ত্রীর মতামত নেওয়া চাই। অনেক সময় দেখা যায়- চাকরি, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য ব্যক্তিগত কাজে স্ত্রীর মতামত নেওয়া হয় না। আবার অনেকে বিষয়টি গুরুত্বও দেন না। অথচ এটা অনুচিত ও অসুন্দর।
২. পরিবারের প্রতি যত্নশীল হওয়া ও সময় দেওয়া
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। তিনি প্রতিদিন সব স্ত্রীর খোঁজ নিতেন এবং সবার সঙ্গে সময় কাটাতেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘ফজরের নামাজের পর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের স্থানে বসে থাকতেন। সূর্যোদয়ের আগ পর্যন্ত লোকেরাও তার চারপাশে বসে থাকত। এরপর তিনি তার প্রত্যেক স্ত্রীর কাছে যেতেন, তাদের সালাম দিতেন, তাদের জন্য দোয়া করতেন আর যার দিন থাকত তার কাছে গিয়ে বসতেন।’ (তাবরানি ৮৭৬৪)
পরিবারে স্ত্রীকে মানসিক সহযোগিতা করা ও সঙ্গ দেওয়া, তাদের খোঁজ-খভর নেওয়া আদর্শ স্বামীর দায়িত্ব। স্ত্রী-সন্তানদের সব ধরনের অধিকার পূরণ করাও তার কর্তব্য। যথাযথভাবে তাদের সঙ্গে সময় ব্যয় করাও চাই।
হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি একদিন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উভয় জাহানের মুক্তির পথ কী জানতে চাইলাম। উত্তরে তিনি বললেন, ‘কথাবার্তায় সংযমী হও, পরিবারের সঙ্গে তোমার অবস্থান যেন দীর্ঘ হয় এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও।’ (তিরমিজি ২৪০৬)
৩. পরিচ্ছন্ন ও পরিপাটি থাকা
স্ত্রীর সামনে নিজেকে পরিপাটি রাখা মুমিনের গুণ। নিজের পরিচ্ছন্নতা ও পরিপাটি ধরে রাখাও আবশ্যক। স্বামীকে গোছালো পাওয়া প্রতিটি স্ত্রীর অধিকার। হাদিসে পাকে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু (সা.) বলেন, ‘আমি আমার স্ত্রীর জন্য পরিপাটি থাকতে পছন্দ করি; যেমনটা আমিও চাই স্ত্রী আমার জন্য সাজুক।’ (বায়হাকি, হাদিস : ১৪৭২৮)
৪. আনন্দ বিনোদনের ব্যবস্থা করা
স্ত্রীর মানসিক আনন্দ-বিনোদনের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা রাখা জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদের সঙ্গে ক্রীড়া-কৌতুক ও আনন্দ করতেন। হাদিসে পাকে এসেছে-
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক সফরে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গীদের বললেন, তোমরা এগিয়ে যাও। এরপর তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এসো দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ‘আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে তার চেয়ে এগিয়ে গেলাম। (নাসাঈ ৮৯৪৫)
৫. সহানুভূতি জানানো
কখনো যদি কোনো কারণে স্ত্রীরা মান-অভিমান করে বা মন খারাপ করে তবে সে সময় তাদের সহানুভূতি জানানো সুন্নত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের প্রতি তেমন সহানুভূতির আচরণ করতেন। এক সফরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু সামনে এগিয়ে যান; আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সামান্য পেছনে পড়ে যান। এতে তিনি কেঁদে ফেলেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন নিজ হাতে তার চোখ মুছে দেন এবং কাঁদতে নিষেধ করেন।’ (নাসাঈ ৯১৬২)
৬. খুনসুটি ও সখ্যতা গড়ে তোলা
স্ত্রীদের প্রতি আচার-আচরণে ভালোবাসা প্রকাশ করতেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাদের সঙ্গে নানা ধরনের খুনসুটি করতেন। এতে পারস্পরিক আন্তরিকতা ও সখ্যতা বৃদ্ধি পায়। হাদিসে পাকে এসেছে-
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, ‘আমি ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম যা আমাদের মধ্যে থাকত। তিনি আমার চেয়ে অগ্রগামী হলে (দ্রুত গোসল করে পানি নিলে) আমি বলতাম, আমার জন্য রাখুন! আমার জন্য রাখুন!’ (মুসলিম, হাদিস : ৩২১)
৭.ভালোবাসার বহিঃপ্রকাশ
কাজে ও আচরণে ভালোবাসা প্রকাশ করা। স্ত্রীর প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আল্লাহর রাসুল (সা.) বিভিন্ন সময়ে স্ত্রীদের সঙ্গে বিভিন্ন রোমাঞ্চকর কথা বলতেন। হৃদয়াপ্লুত কথায় তাদের মুগ্ধ করতেন। এক হাদিসে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছেন, ‘আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে।’ (মুসলিম ২৪৩৫)
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘খাবারের মধ্যে সারিদ যেমন সবার সেরা; নারীদের মধ্যে আয়েশা সবার সেরা।’ (বুখারি ৩৪১১)
৮. স্ত্রীকে সুন্দর নামে ডাকা
স্ত্রীদের সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আচরণ একটি আদর্শ দাম্পত্য জীবনের শ্রেষ্ঠ উপমা। তার পবিত্র জীবনীতে স্ত্রীদের সঙ্গে আন্তরিকতা পূর্ণ ও প্রেমময় সব চিত্র ছিল উজ্জ্বল। পরবর্তী সময়ে তাঁর সম্মানিতা স্ত্রীগণ আবেগ-উচ্ছ্বাসের সঙ্গে তা বর্ণনা করেছেন। এক হাদিসে এসেছে-
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো ভালোবেসে আমাকে হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন।’ (ইবনে মাজাহ ২৪৭৪)
৯. ঘরের কাজে সহযোগিতা করা
স্ত্রীকে ঘরের কাজে হযোগিতা করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এটা আদর্শ স্বামীর বৈশিষ্ট্যও বটে। এক হাদিসে এসেছে-
হজরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে কী কাজ করতেন? উত্তরে তিনি বললেন, ‘তিনি ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থালি কাজে পরিবার-পরিজনের সহযোগিতায় থাকতেন। যখন নামাজের সময় হতো, তখন নামাজে চলে যেতেন। (বুখারি ৬৭৬)
অন্য বর্ণনায় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ‘তিনি নিজের কাপড় নিজেই সেলাই করতেন। নিজের জুতা নিজেই মেরামত করতেন এবং সাধারণ মানুষের মতোই ঘরের কাজকর্ম করতেন।’ (তিরমিজি)
১০. একই পাত্রে আহার করা
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের সঙ্গে একই পাত্রে খাবার গ্রহণ করতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, ‘আমি হাড় থেকে গোশত কামড়ে নিতাম। তারপর আমি যেখানে মুখ রাখতাম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে তার মুখ রাখতেন। অথচ তখন আমি ঋতুমতী ছিলাম। আমি পাত্র থেকে পানি পান করতাম। তারপর তিনি সে স্থানে মুখ রাখতেন, যেখানে আমি মুখ রাখতাম। অথচ আমি তখন ঋতুমতী ছিলাম।’ (নাসাঈ ৭০)
১১. ভালো কাজে বাহবা দেওয়া
স্ত্রীর যে কোনো ভালো কাজে উৎসাহ বা বাহবা দেওয়া। তাঁর ভালো কাজের স্বীকৃতি দেওয়া চাই। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে তখন সে তার সম্পদ দ্বারা আমাকে সমৃদ্ধ করেছে, আল্লাহ আমাকে তার গর্ভ থেকে সন্তান দিয়েছেন যখন আল্লাহ অন্য স্ত্রীদের সন্তান থেকে আমাকে বঞ্চিত করেছেন।’ (মুসনাদে আহমদ ২৪৮৬৪)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাম্পত্য জীবন ছিল আন্তরিকতা ও অসংখ্য রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর। জীবনের সবক্যিছুর মতো একজন আদর্শ স্বামীর জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন তিনি। তাঁর আদর্শ অনুসরণেই গড়ে ওঠবে সুখ-শান্তিময় আদর্শ দাম্পত্য জীবন।
একনজরে সুন্নতগুলো:
জীবনের প্রত্যেকটি কাজে রসুল (সা.) অনুসরণ মুমিনের জন্য আবশ্যক। কেননা রসুল (সা.)-এর আদর্শই উত্তম আদর্শ। রাসুল (সা.) দাম্পত্য জীবনে স্ত্রীদের সঙ্গে যেসব কাজ করেছেন, মুমিন বান্দার উচিত দাম্পত্য জীবনে রসুল (সা.)-এর সে সুন্নাতগুলো আঁকড়ে ধরা। ফলে একদিকে যেমন রসুল (সা.)-এর অনুসরণ হবে, অপরদিকে স্বামী-স্ত্রীর মধ্যে বৃদ্ধি পাবে সীমাহীন ভালোবাসা, যা সুখী পরিবার গঠনে অন্যতম সহায়ক।
দাম্পত্য জীবনে পালনীয় রসুল (সা.)-এর সুন্নাত :
- ১. স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে, সে স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিম শরীফ হাদিস ৫৭৯)
- ১. স্ত্রীর থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাত। হজরত আয়েশা (র.) রসুল (সা.)-এর চুল আঁচড়ে দিতেন। (বুখারি শরিফ হাদিস ২৯৫)।
- ২. স্বামী-স্ত্রীর একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্নাত। (মুসলিম শরীফ হাদিস ৬২০)
- ৩. স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৯, ৩৪১১)
- ৪. স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা সুন্নাত। (ইবনে মাজাহ হাদিস ১৯৭৯,আবু দাউদ হাদিস ২৫৭৮)
- ৫. স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। (মুসলিম হাদিস ৫৭৯)
- ৬. শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। (তিরমিযি হাদিস ১০৯৩)
- ৭. স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত। (রসুল সা, আয়েশা রা, কে হূমায়রা বলে ডাকতেন)।
- ৮. স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নাত। (আবু দাউদ হাদিস ২৮৬৪)
- ৯. স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নাত।
- হজরত আবদুল্লাহ্ ইব্নু যাম’আহ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবি (সা.) বলেছেন, তোমরা কেউ নিজ স্ত্রীদের গোলামের মতো প্রহার করো না। কেননা, দিনের শেষে তার সঙ্গে তো মিলিত হবে। (বুখারি শরিফ হাদিস ৫২০৪)
- ১০. স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। (বুখারি হাদিস ২৯৭)
- ১১. স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত। (বুখারি হাদিস ৬৭৬)
- ১২. হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত। (বুখারি হাদিস ৩০০)
- ১৩. স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৮)
- ১৪. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসুল (সা.) লটারি করতেন, যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন। (বুখারি হাদিস ২৫৯৩)
- ১৫. স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৬)
আল্লাহ তাআলা সবাইকে দাম্পত্য জীবনে রসুল (সা.)-এর সুন্নাতগুলো পালন করার তাওফিক দান করুন। আমিন
এনএইচ





