বাংলাদেশের আকাশে আজ রোববার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

আগামী ২ ডিসেম্বর (১২ রবিউল আউয়াল) শনিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:)।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান।

সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এজন্য আগামীকাল সোমবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২ ডিসেম্বর ১২ রবিউল আউয়াল দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত হবে।

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স:) দিন সাধারণ ছুটি। যদিও এবার ঈদে মিলাদুন্নবী হবে সাপ্তাহিক ছুটির দিনে।

মহানবী হযরত মুহম্মদ (স:) ৫৭০ খ্রিষ্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়াল মহানবী (স:) ইন্তেকাল করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স:) হিসেবে সারা পৃথিবীর মুসলমানরা পালন করেন।

এমবি