‘চোর না শোনে ধর্মের কাহিনী’ প্রবাদটি সত্যে পরিণত হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও। এই জেলার কান্দি থানার জেমো রাজবাড়ীর ফুলতরফের বাড়ির মা দুর্গার গায়ে থাকা সোনা-রূপার গহনা চুরি হয়ে গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু কোনো কুলকিনারা করতে পারেনি তারা।

ভারতীয় একটি বাংলা ও ইংরেজি ভার্সনের অনলাইন মিডিয়ায় জানানো হয়, মুর্শিদাবাদের ফুলতরফের বাড়ির দুর্গাপুজা ৩৫০ বছরের প্রাচীন। এবারও নিয়মানুযায়ী জমজমাট পূজা হচ্ছে সেখানে।

পূজার দ্বায়িত্বশীলরা বৃহস্পতিবার ভোর রাতে নবমীর পুজোর জন্য দরজা খুলতেই দেখে মা দুর্গার গায়ে থাকা সোনার ও রূপার গহনা চুরি গেছে। প্রায় ৫ ভরি সোনার গহনা ও ২ ভরি রূপার গহনা চুরি গেছে বলে দাবি তাদের।

বুধবার অষ্টমীর রাতে পূজা করার পর দরজা বন্ধ করা হয়, তার পর নবমী পুজোর জন্য ভোর চারটের সময় দরজা খুলতেই নজরে আসে মন্দিরের পিছনে জানালা ভাঙা অবস্থায় পরে আছে। আর দেবী দশভুজার গায়ে থাকা গহনা, সঙ্গে লক্ষী ও সরস্বতী গায়ে থাকা গহনাও চুরি হয়ে গেছে।

এ ব্যাপারে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নবমী ও দশমীর পূজা শেষ লগ্নে যখন বিশাদের সুর তখন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এমকে