হিন্দু ধর্মাবলম্বীদের স্বরসতী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি)।
জ্ঞানের অন্বেষনে সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছে স্বরসতী পূজা। সারা দেশের মতো পূজা অর্চনার জন্য সিলেটেও চলেছে ব্যাপক আয়োজন। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যাপীঠে বর্ণিল আয়োজন করা হয়েছে। তৈরি করা হয়েছে বিদ্যাদেবীর প্রতিমা।
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে পূঁজার আয়োজন। পাশাপাশি স্কুল কলেজগুলোতেও পূজার ব্যাপক আয়োজন চলছে। এছাড়া ব্যক্তি উদ্যোগেও বাসা-বাড়িতে চলছে পূজার আয়োজন।
পূজাকে সামনে রেখে নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিমা বিক্রি করছেন কারিগররা। তবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দক্ষ কারিগর দ্বারা প্রতিমা তৈরির কাজ চলছে।
নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মৃৎশিল্পী শংকর পাল বাংলানিউজকে বলেন, স্বরসতী পূজাকে সামনে রেখে আমাদের ব্যস্ত সময় কাটছে। শেষ মুহুর্তে রং-তুলির আঁচড়ে প্রতিমার রূপ ফুটিয়ে তোলা হচ্ছে।
প্রতিটি ছোট থেকে বড় প্রতিমা দেড় শ’ থেকে যথাক্রমে ২৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন বলে জানান শংকর পাল।
সিলেট নগরীর দাড়িয়েপাড়া চৈতালী সংঘের পৃষ্টপোষক অমল কৃষ্ণ দেব বলেন, ‘স্বরসতী পূজা সার্বজনীন উৎসব। পারিবারিক ভাবেও ধুমধামে এই উৎসব পালিত হয়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরাও বিদ্যা দেবীর আরাধনার সঙ্গে উৎসবে মেতে ওঠেন।
তিনি দাবি করেন, প্রশাসনসহ সকলের সহযোগীতায় হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব আনন্দঘর পরিবেশে পালিত হবে।
এরই মধ্যে পূজা মণ্ডপ পরিদর্শনে আয়োজকরা প্রশাসনসহ নগরীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিমন্ত্রণ জানিয়েছেন।
এবারের পূজা আয়োজন নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএম





