২০২৬ সালের সরকারি ছুটির মূল তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

এতদিন ২০ ও ২১ অক্টোবরের পর ২২ অক্টোবর বৃহস্পতিবার ছিল কর্মদিবস। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি ছিল। এখন ২২ অক্টোবরও সরকারি ছুটি হওয়ায় ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

অর্থাৎ ছুটির হিসাব হবে—২০ অক্টোবর মঙ্গলবার মহানবমীর সরকারি ছুটি, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর সরকারি ছুটি, ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে।

সনাতন ধর্মাবলম্বীদের ছুটি আরও বেশি

তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটির সুযোগ আরও বেশি। ২০২৬ সালের ছুটির তালিকায় ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

এই দুই দিনের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি এবং ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি যুক্ত করলে ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া সম্ভব হবে। তবে ঐচ্ছিক ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কত দিন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির হিসাব কিছুটা ভিন্ন। সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি পাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই সময়ে ছুটি নির্ধারিত রয়েছে।

অন্যদিকে সরকারি চাকরিজীবীদের জন্য মূল দুর্গাপূজার সরকারি ছুটি ছিল ২০ ও ২১ অক্টোবর। ২২ অক্টোবরের নতুন ছুটি যুক্ত হওয়ায় এবার তাঁদের টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হলো।

তবে হাসপাতাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য জরুরি সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হতে পারে।

সব মিলিয়ে, সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি হবে। আর সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অনুমোদিত ঐচ্ছিক ছুটি যুক্ত করলে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

এমএম