আগামী রোববার হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জন্মাষ্টমী। দিবসটি উদযাপনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এসময় তারা দুর্গাপূজায় চারদিনের সরকারি ছুটি ঘোষণার দাবিও জানান।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরেই এ জন্মাষ্টমী। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উদযাপনে বিভিন্ন জেলায় শোভাযাত্রা, মহানাম সংকীর্ত্তন, ধর্মীয় আলোচনা সভা, বস্ত্র বিতরণ, লীলা প্রদর্শনী, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা দেশে সকল ধর্মের মানুষের সহবস্থানের অধিকার নিশ্চিত করা, সাম্প্রদায়িক সন্ত্রাস দমনে নতুন আইন প্রনয়ণ করা, ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত জায়গা উদ্ধার, হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তরিত করাসহ দুর্গাপূজায় চারদিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি রমেশ চন্দ্র ঘোষ।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর