আজ বুধবার রাত ৮টার মধ্যে হজযাত্রী রিপ্লেসমেন্টের আবেদনের শেষ সময় বেধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা। হজযাত্রী রিপ্লেসমেন্টের সকল আবেদন রাত ৮টার মধ্যে পরিচালক, হজ অফিস ঢাকা বরাবরে দাখিল করতে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) মো. শহীদুল্লাহ তালুকদার স্বাক্ষরিত এক নোটিশে বুধবার এ সময়সীমার কথা জানানো হয়।

এতে বলা হয়, সব হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবাইকে মৃত্যু ও গুরুতর অসুস্থতার কারণে সকল প্রকার প্রতিস্থাপন (রিপ্লেসমেন্ট) সংক্রান্ত আবেদন আজ রাত ৮টার মধ্যে মন্ত্রণালয়ের পক্ষে হজ অফিসের পরিচালক বরাবরে দাখিল করা যাবে।

এ বিষয়ে গঠিত কমিটি জাতীয় হজ ও ওমরা নীতি ১৪৩৭ হিজরী বিধানমতে আজকেই পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এ ব্যাপারে জানতে হজ অফিসে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শহীদুল্লাহ তালুকদার চট্টগ্রামে রয়েছে জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আজই রিপ্লেসমেন্ট সংক্রান্ত আবেদনের শেষ সময়। এজেন্সি ও হজযাত্রীরা রাত ৮টার মধ্যে আবেদন না করলে পরে বিবেচনা করা হবে না।

এ ব্যাপারে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের (হাব) সভাপতি ইব্রাহিম বাহার জানান, আজ রাতের মধ্যে রিপ্লেসমেন্ট সংক্রান্ত আবেদনের শেষ সময় হলে এজেন্সিগুলো বিপদে পড়বে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের কথাও বলেন তিনি।

জানা গেছে, বেশি হজযাত্রী রিপ্লেসমেন্ট করা নিয়ে এজেন্সিগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে দৌড়ঝাপ করছে। ধর্ম মন্ত্রণালয় নিয়ম নীতির বাইরে কোনো এজেন্সিকে বাড়তি রিপ্লেসমেন্ট সুবিধা দিবে না। হজ এজেন্সিগুলো দ্রুত এ বিষয়ে সমাধান চেয়েছেন।

এমএনজে