ক্রেডিট কার্ড সাইজের কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাসবেরি পাই ফাউন্ডেশন বাজারে আনছে নতুন ডিজাইনের কম্পিউটার, ‘বি-প্লাস’।

বিবিসি জানিয়েছে, আগের সংস্করণগুলোর মতো ব্রডকম চিপ ও ৫১২ মেগাবাইটের প্রসেসর থাকলেও বিদ্যুৎসাশ্রয়ী হবে বি-প্লাস। এছাড়া এনালগ ও কম্পোজিট ভিডিও কানেক্টরের বদলে থাকছে ফোর-পোল কানেক্টর। এসডি কার্ড স্লটের বদলে ব্যবহার করা হয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট, ছোট মেমরি কার্ডগুলো ধরে রাখার জন্য থাকবে লক সিস্টেম।

এর আগের মডেলগুলোতে ইউএসবি পোর্ট ছিল ২টি, তবে বি-প্লাসে থাকবে ৪টি। অতিরিক্ত ইউএসবি পোর্টগুলোর মাধ্যমে এক্সটারনাল হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা, জানিয়েছেন রাসবেরি পাই বিক্রেতা প্রতিষ্ঠান ‘এলিমেন্ট ১৪’-এর মুখপাত্র মাইক পাওয়েল।

জেনারেল পারপাস আই/ও(জিপিআইও) সেকশানে পিন সংখ্যা ১৪টি বাড়িয়ে করা হয়েছে ৪০টি। বাড়তি পিনগুলোর মাধ্যমে ডিভাইসটিতে সেন্সর ও রিলে সংযুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা, জানালেন মাইক পাওয়েল।

অনলাইন ইলেক্ট্রনিক স্টোরগুলোতে পাওয়া যাবে রাসবেরি পাই এর বি-প্লাস। অন্যান্য ছোট কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকাটাই বি-প্লাস তৈরির পেছনে মূল কারণ, জানিয়েছে বিবিসি।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই