স্ট্রবেরী চাষে ঝুকে পড়েছেন গাইবান্ধার সাদুল্যাপুরের কৃষকরা। উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর ৪ গ্রামের ২৬ জন কৃষক ৩০ একর জমিতে স্ট্রবেরী চাষ করছেন। ফলে শতাধিক দরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কৃষক মোখলেছুর রহমান জানান, দু’বছর আগে তার ১ একর জমিতে প্রথম স্ট্রবেরীর চাষ শুরু করেছিলেন। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থেকে ৭’শ ২৫টি স্ট্রবেরীর চারা নিয়ে এসে স্ট্রবেরীর চাষ শুরু করেন। এতে তার ব্যয় হয় ১ লাখ ২০ হাজার টাকা। যা বিক্রি করে তিনি আয় করেন প্রায় ২০ লাখ টাকা। এ থেকেই ওই গ্রামের কৃষকরা প্রথমে অবহেলার চোখে দেখলেও এখন অনেকেই স্ট্রবেরী চাষে ঝুঁকে পড়েছেন।

তিনি আরও জানান, স্ট্রবেরী উৎপাদিত হওয়ার পর সপ্তাহে দু’দিন ট্রাকে করে তিনি স্ট্রবেরী ঢাকার কারওয়ান বাজারে সরবরাহ করেন। সময় বিশেষে স্ট্রবেরী প্রতি কেজি ৫’শ টাকা থেকে ১’শ পঞ্চাশ টাকা কেজি দরেও বিক্রি করছেন। তিনি আরও জানান, স্ট্রবেরী চারা থেকেই জন্ম নেয় নতুন চারা। ফলে নতুন করে কোন চারা কিনতে হয় না।

কৃষক আলেফা বেগম বলেন, বিপ্লবের কাছ থেকে আগ্রহী হয়ে চার বিঘা জমিতে স্ট্রবেরী চাষ করেছেন তিনি। আশা করেছিলেন লাভবান হবেন। কিন্তু হরতাল অবরোধে সময়মত ঢাকায় ফল পাঠাতে পারেন না। ফলে একদিকে স্ট্রবেরী নষ্ট হচ্ছে আর মূল্য তারতম্য ঘটছে। কৃষকদের প্রত্যাশা কৃষিঋন পাওয়া গেলে স্ট্রবেরী চাষে বিস্তার ঘটানো সহজ হত।

সাদুল্যাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, এ কাজে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের আওতাধীন কৃষকদের অর্থনৈতিকসহ নানা সহযোগিতা দেয়া হচ্ছে। তবে অন্য কৃষকরা যদি ব্যাংক ঋনের চেষ্টা করেন তবে তাদের ঋন গ্রহণে কৃষি সম্প্রসারণ বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলেও তিনি উল্লেখ করেন।

এআর