হতাশাজনক নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে পৌছার পর বাকি খেলোয়াড়রা বাড়ির পথ ধরলেও বিমানবন্দরেই থেকে গেছেন মুস্তাফিজুর রহমান। কারণ তিনি ধরবেন ভারতের বিমান।

মুস্তাফিজের এই ভারত যাত্রা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের চতুর্দশ আসর। এবার মুস্তাফিজ খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে, যারা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল।

করোনা মহামারীর কারণে দলের সাথে যোগ দেওয়ার আগে ভারতে পৌঁছে কোয়ারেন্টিন পালন করতে হবে। আছে কোভিড প্রটোকলের বিধিনিষেধ। মুস্তাফিজ তাই দেশে ফিরলেও বিমানবন্দর থেকে বের হননি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ধরবেন ভারতের ফ্লাইট।

দুপুর ৩টা ৪০ মিনিটে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন মুস্তাফিজ। তার গন্তব্যস্থল মুম্বাই। যদিও বাংলাদেশ থেকে প্রথমে যেতে হবে কলকাতা, সেখান থেকে সরাসরি মুম্বাইয়ের ফ্লাইট।

মুস্তাফিজ দেশে সময় ক্ষেপণ না করায় আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে তাকে না পাওয়ার শঙ্কাও কিছুটা দূর হয়েছে। রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। চোটের কারণে রাজস্থানের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না ইংলিশ পেসার জফরা আর্চার। আর তাই শুরুতে মুস্তাফিজকে দলের প্রয়োজনও বেশি। মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। লিগ পর্বে মুস্তাফিজরা নিজেদের শেষ ম্যাচ খেলবেন ২২ মে।বিডিক্রিকটাইম

একনজরে রাজস্থান রয়্যালস স্কোয়াড: সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, রাহুল তেভাটিয়া, মহিপাল লোমরোর, কার্তিক ত্যাগী, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্দে, যশস্বী জাইসওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মনন ভোহরা, ক্রিস মরিস, শিভম দুবে, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদ্বীপ যাদব, আকাশ সিং।

এমবি