শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিব আল হাসানকে দেওয়া শাস্তি পুনর্বিবেচনার জন্য রোববার আবেদন করেছেন তিনি। তবে সাকিবের শাস্তি কমবে কি কমবে না, সে বিষয়ে সিদ্ধান্ত ঈদের পরে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া তিনি আরও জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছেন না সাকিব।
সোমবার রূপসি বাংলা হোটেলে আইসিসির সভাপতিকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
সাকিবের বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে জানতে চাইলে পাপন বলেন, ‘সাকিব তার শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে। আবেদনপত্রটি আমি হাতে পেয়েছি। তার বিষয়ে ঈদের পরে বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তার আচরণ শোধরাতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু সিদ্ধান্তটি ঈদের পরে নেওয়া হচ্ছে, সেহেতু সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছে না।’
আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





