ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) না খেলে বিসিবির নির্দেশে লন্ডন থেকে রোববার সকালে দেশে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শাহজালাল বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের সামনে জাতীয় দলে না খেলার হুমকির কথা অস্বীকার করেছেন সাকিব। বলেছেন, দেশের হয়ে আরও অন্তত ১০ বছর খেলতে চান তিনি।
তাঁকে নিয়ে ওঠা সাম্প্রতিক বিতর্কের বিষয়ে নিজের দিক দিয়ে পরিষ্কার বলেই মন্তব্য করেছেন তিনি। অনুযোগ করেছেন, ‘দুই পক্ষের কথা শুনেই যেকোনো বিষয়ে মন্তব্য করা উচিত।’
সাকিব বলেন, ‘আমি কখনোই বিতর্কে আসতে চাই না। আমি চাই ক্রিকেট খেলতে। এটা আমার প্যাশন। ক্রিকেট না খেলাটা আমার জন্য খুবই কষ্টকর বিষয়। খেলাটিকে আমি খুবই পছন্দ করি।’
দেশাত্মবোধেও কোনো ঘাটতি নেই বলেও দাবি সাকিবের। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা আমার টিমমেটদের জিজ্ঞেস করতে পারেন এ ব্যাপারে। এই তো ভারতের বিপক্ষে সিরিজের আগেই আইপিএল জিতে এসে ওদের বলেছিলাম দেশের হয়ে একটা ম্যাচ জেতাতে যে আনন্দ, সেই আনন্দ কি আর আইপিএল জয়ে আছে?’
অপর এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, মিডিয়ায় যা প্রচার হয়েছে তা পুরোটাই ভুল বোঝাবুঝি। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে আকরাম খানের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছি। আর এ ব্যাপারে আমার আর বোর্ডের মাঝে কথা নিয়ে মিডিয়ায় যা প্রচার হয়েছে তা পুরোটাই ভুল বোঝাবুঝি। দেশে ফিরেছি। আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে।
উল্লেখ্য, ক্যারিবিয়ানে সিপিএল লীগ খেলার জন্য সাকিব ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার মাঝপথে লন্ডনে বিরতি দিলে বিসিবি তাকে দেশে ফেরার জন্য চিঠি দেয়।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) কেবি





