প্রথম ওয়ানডেতে আশা জাগিয়েও জয় না পাওয়ার স্মৃতি ভুলে এ বছরের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে এবং সিরিজে সমতায় ফিরতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেন্ট জর্জেস পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে সমতায় ফিরতে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিলেন ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল ও ক্রিক এডওয়ার্ডস। বাংলাদেশের হয়ে ইনিংস সূচণা করতে বল হাতে এসেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তার করা প্রথম ওভার থেকে স্বাগতিকরা করে বিনা উইকেটে ৪ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম ম্যাচের ৪ উইকেট নেওয়া আল আমিনের হাতে বল তুলে দেন মুশফিক। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে নিজের প্রথম ওভারে করা শেষ বলে ক্রিক এডওয়ার্ডসকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান এ পেসার। ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান তখন মাত্র ৫। এডওয়ার্ডসের শেষ পাঁচটি ওয়ানডের রান ২, ১০, ৯, ১০ ও ০।

ক্রমেই বাংলাদেশের বোলারদের জন্য ২৫৭টি ওয়ানডে ম্যাচ খেলা গেইল ভয়ংকর হয়ে উঠছিলেন। এ বাঁহাতি ব্যাটসম্যান ৬১ বলে ৩টি চার আর ৪টি ছয়ের সাহায্যে ক্যারিয়ারের ৪৬তম অর্ধশতক হাঁকান। আর আট রান যোগ করে বিদায় নেন তিনি। মাহামুদ্দুল্লাহ রিয়াদের করা বলকে তুলে মারতে গিয়ে সোহাগ গাজীর তালুবন্দি হওয়ার আগে গেইল করেন ৫৮ রান।

প্রথম উইকেট পতনের পর ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলের সঙ্গে জুটি বাঁধতে মাঠে আসেন ৭৫ ম্যাচ খেলা বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলতে ব্রাভো খেলেন ৭১ টি বল। সোহাগ গাজীর ঘূর্ণিতে বোকা হয়ে দুটি চার আর একটি ছয়ে ৮২ বলে ৫৩ রান করে আউট হন তিনি।

গত ম্যাচের আরেক নায়ক দিনেশ রামদিনকে সাজঘরে ফিরিয়ে স্বাগতিকদের চতুর্থ উইকেটের পতন ঘটান আল আমিন। মুশফিকের তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে রামদিন করেন ৫১ বলে ৩৪ রান।

প্রথম পাঁচ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল এক উইকেট হারিয়ে ১৩ রান। পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে তাদের রান ছিল ৩৮। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে ৬৮ রান। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৮৯ রান। ২৫ ওভার শেষে দুই উইকেটে ১১৯ রান তোলে তারা। ৩০ ওভার শেষে দুই উইকেটে ১৪২ রান তুলেছিল স্বাগতিকরা। পানি পানের বিরতির আগে ৩৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ করে তিন উইকেটে ১৫১ রান। ৪০ ওভার শেষে চার উইকেটে ১৭২ রান তুলেছিল তারা। ৪৫ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ২১০ রান।

ব্যাটিং ক্রিজে নেমে গত ম্যাচের নায়ক কিরন পোলার্ড বেশি একটা সুবিধা করতে পারেননি আজকের ম্যাচে। মাশরাফির করা ৪৭তম ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি (২০ বলে ২৭ রান)। এছাড়া সিমন্স করেন ৫৮ বলে ৪০ রান। তার উইকেটটি পান মাশরাফি।

টাইগারদের হয়ে মাশরাফি ১০ ওভার বল করে নেন ৩টি উইকেট। এছাড়া আল আমিন তুলে নেন ২ টি উইকেট।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, আনামুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মোর্তজা, নাসির হোসেন, শামসুর রহমান, সোহাগ গাজী ও তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, ক্রিক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনিল নারাইন, কিরন পোলার্ড, দিনেশ রামদিন, রাভি রামপাল, কেমার রোচ, ও লেন্ডল সিমন্স।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ