আইপিএলে শেষ হাসি সাকিবদের২০১২ সালে আইপিএলের ফাইনালে আগে ব্যাট করে ১৯০ তুলেছিল চেন্নাই। সেই চ্যালেঞ্জিং স্কোর শেষ অবধি টপকে গিয়েছিল কলকাতা। দুই বছর পর আরেকটি ফাইনালে সাকিবদের কলকাতার বিপক্ষে পাঞ্জাব প্রথমে ব্যাট করে তুলল ১৯৯। চলতি আইপিএলে টানা আট ম্যাচ জয়ী গাম্ভীরের কলকাতাকে আজও আটকানো গেল না, ৭ উইকেট হারিয়ে টপকে গেল গৌতম গম্ভীরের দল। অতঃপর প্রীতি জিনতার পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার শিরোপা জয়ের হাসি হাসল শাহরুখের কলকাতাই।
২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই আইপিএল সাতে কলকাতার সবচেয়ে সফল ব্যাটসম্যান রবিন উথাপ্পা মাত্র ৫ রানে ফিরে গেলেও এরপর দলকে জয়ের স্বপ্ন দেখান মনিশ পান্ডে। এ ডানহাতির ৫০ বলে ৯৪ কলকাতার শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে শেষ পর্যন্ত। শেষ দিকে পিযুষ চাওলার দারুণ ফিনিশিংয়ে শিরোপা জয়ের হাসি ফুটে ওঠে কলকাতার সমর্থকদের। ব্যাট হাতে অবশ্য সাকিব আল হাসান খুব একটা সফল হতে পারেননি আজ। রান আউটে কাটা পড়ার আগে করেছেন ১২।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা পাঞ্জাবকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন মূলত ঋদ্ধিমান সাহা। কলকাতার সাবেক এ ব্যাটসম্যান করেন ৫৫ বলে অপরাজিত ১১৫। ঋদ্ধিমানকে যথার্থ সহয়তা করেন মনন বোহরা (৬৭)। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৭২ বলে ১২৯। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৯।
কলকাতার বোলার মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নেন নারাইন। বল হাতে সাকিব আজ উইকেট না পেলেও ইকোনমি রেটে দলের অন্যান্য বোলারের মধ্যে সবচেয়ে ভালো। বাংলাদেশের অলরাউন্ডার ৪ ওভারে দিয়েছেন ২৬ রান, ইকোনমি ৬.৫০।
[b]ঢাকা, ০২ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]