রোববার (১১ অক্টোবর) ব্রিসবেনে সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে বাংলাদেশ। জবাবে ১৩১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার জর্জিয়া ভল ও ফিবি লিচফিল্ড। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান তোলেন তাঁরা। পরের ১০ ওভারে যোগ করেন আরও ৮০ রান।
২০তম ওভারে লিচফিল্ডকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্বর্ণা আক্তার। হাবিবা ইসলাম পিংকির ক্যাচে পরিণত হওয়ার আগে ১১টি চার ও একটি ছক্কায় ৫১ বলে ৭০ রান করেন লিচফিল্ড।
তবে লিচফিল্ড ফিরলেও থামেনি ভলের ব্যাটিং তাণ্ডব। ৮১ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৯৭ বলে ১৩১ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। অন্যদিকে এলিস পেরি ২২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ফারজানা হক ও শারমিন আক্তার রান করতে পারেননি। শারমিন সুলতানা আউট হন ৫ রান করে।
সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে দুজনের ১৯৫ রানের জুটি নারী ওয়ানডেতে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
দুর্দান্ত ব্যাটিংয়ে ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মোস্তারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শতকের কীর্তি গড়েন তিনি। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি।
এর আগে বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটে তিনটি সেঞ্চুরি ছিল। এর মধ্যে দুটি করেছিলেন ফারজানা হক পিংকি এবং একটি নিগার সুলতানা। মোস্তারি দেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার হলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোস্তারির এই ইনিংসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ২৯ রান। এবার সেঞ্চুরি করে সেই রেকর্ড ভাঙলেন মোস্তারি।
১৮টি চারের সাহায্যে ১১৮ রান করে ইনিংসের ৪৮তম ওভারে আউট হন তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটে যেকোনো ফরম্যাটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে পোখারায় মালদ্বীপের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা।
শেষ ওভারে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক নিগার সুলতানা ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। মোস্তারি ও নিগারের রেকর্ড গড়া জুটির পরও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।
এস
















