টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৯ রানের মধ্যেই কুইন্টন ডি কক (১৪) ও টনি জর্জি (০) ফিরে যান। এরপর টেম্বা বাভুমা (৩০), রায়ান রিকেলটন (২৭) ও ডেভিড মিলার (৯) দ্রুত ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।

সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান ম্যাথিউ ব্রিটজকে ও মার্কো ইয়ানসেন। ষষ্ঠ উইকেটে এ দুজন গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।

ব্রিটজকে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। ১১২ রানের ইনিংস খেলে তিনি দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। অন্যদিকে ইয়ানসেন ৫৯ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার নাথান এলিস তিনটি এবং অ্যাডাম জাম্পা দুটি উইকেট নেন।

২৯৮ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড মাত্র ৯.২ ওভারে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯০ রান। মার্শ ৩৬ বলে ৬০ রান করে ফিরলেও হেড করেন ৩৭ বলে ৩৬ রান।

মার্শের বিদায়ের পরই ম্যাচের চিত্র পাল্টে যায়। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সঙ্গে কোরবিন বোশের পেস আক্রমণে একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

শেষদিকে কুপার কনোলি ৩৮ ও ম্যাট রেনশো ৪৪ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। তবে তাদের লড়াই দলকে জয়ের কাছাকাছি নিতে পারেনি। ৪২.৪ ওভারে ২৩০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ চারটি, বিজোর্ন ফরচুন ও কোরবিন বোশ দুটি করে উইকেট নেন। ১১২ রানের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার পান ম্যাথিউ ব্রিটজকে।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৯৭/৮, ৫০ ওভার (ব্রিটজকে ১১২, ইয়ানসেন ৭৫; এলিস ৩/৬৫)
অস্ট্রেলিয়া: ২৩০/১০, ৪২.৪ ওভার (মার্শ ৬০, রেনশো ৪৪; মহারাজ ৪/৪৫)

ফল: দক্ষিণ আফ্রিকা ৬৭ রানে জয়ী
ম্যাচসেরা: ম্যাথিউ ব্রিটজকে

এস