নতুন পরিচয়ে সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি এখন থেকে চেয়ারম্যান সাকিব! সাকিব নিজেই খুব উচ্ছ্বসিত এমন পরিচয়ে। সাকিবের কথায়,‘চেয়ারম্যান সাকিব শুনে অবাক লাগছে। তবে খুব উচ্ছ্বসিত আমি। খুব ইচ্ছা ছিল এমন একটি কাজ করার। শেষ পর্যন্ত এমন একটি কাজ করতে পেরে খুব ভাল লাগছে।’ কৌতূহলী সাকিব আরও বলেছেন,‘এখন থেকে আর আমার বউয়ের জন্য বাইরে থেকে কসমেটিক কিনে আনতে হবে না।’

এতক্ষণে নিশ্চই পাঠকরা বুঝে গেছেন সাকিবের পরিচয়। সাকিব এখন ব্যবসায়ী। না, ছোটখাটো ব্যবসায়ী নয়। কসমেটিকের বড় দোকানি। শুক্রবার বারিধারায় অবস্থিত যমুনা ফিউচার পার্কে 'কসমিক যোভাইন' নামে কসমেটিক শো-রুম উদ্ধোধন করেছেন তিনি। সাকিব তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জমকালো শো-রুম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার দোকানের পাশেই। সেখানে জাতীয় দলের ২ পেসার মাশরাফি বিন মতুর্জা এবং তাসকিন আহমেদ তাজিম উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিউটিশিয়ান কানিজ আসলাম খান,উপস্থাপিকা শারমিন লাকি, মডেল ফারিহা খান এবং কন্ঠশিল্পী এলিটা।

বিশাল আকৃতির কেক কেটে সাকিব তার প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন। এ সময়ে পাশে ছিলেন সহধর্মিনী উম্মে আহমেদ শিশির,মাশরাফি এবং তাসকিন।

সাকিব তার বক্তব্যে বলেছেন,‘আমি সব সময় চেষ্টা করি গরিব দুস্থ শিশুদের পাশে থাকতে। আমার উদ্দেশ্য শুধুই বাণিজ্য নয়। আমরা এই প্রতিষ্ঠানের মূনাফার একটি অংশ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করব।’

পরে সাকিব আল হাসান শিশুদের কল্যাণে নিবেদিত অপরাজেও বাংলার নির্বাহী পরিচালক ওয়াহিদা বানুর হাতে একটি চেক তুলে দিয়েছেন। অনুষ্ঠানে অপরাজেও বাংলার কার্যক্রমের ওপর ২ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়েছে।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ