বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রিচার্ড গ্রান্ট হ্যালসলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

হ্যালসলেকে আপাতত অস্থায়ী ভিত্তিতে আগামী এক মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছে। তবে আগামী ৩ অক্টোবর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আগামী ২ বছরের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ খেলতে বুধবার রাতে বাংলাদেশ ছেড়েছেন মুশফিকরা। তাদের আগেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন নতুন ফিল্ডিং কোচ। বুধবার গভীর রাতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন তিনি।

জিম্বাবুইয়ান বংশোদ্ভূত হ্যালসল বর্তমানে ইংল্যান্ডে স্থায়ী বাসিন্দা। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৯টি। খেলোয়াড় হ্যালসলের চেয়ে কোচ হ্যালসলই বেশি পরিচিত। ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সানচেক্স কাউনট্রি ক্রিকেট ক্লাবের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতপর ২০০৮ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১১ সালে একই দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন।

উল্লেখ্য, হ্যালসলকে পাওয়ার পর জাতীয় দলের জন্য এখন কেবল একজন ফিজিও খোঁজাই বাকি রয়েছে বিসিবির। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর চলে যাবেন ফিজিও বিভব সিং। তাঁর জায়গায় নতুন কাউকে আনতে হবে। একই সঙ্গে বিসিবি খুঁজছে একাডেমির প্রধান কোচও। ইংল্যান্ডের অ্যান্ডি মোলস ও দক্ষিণ আফ্রিকার ডি ব্রুইন আছেন সম্ভাব্যের তালিকায়।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই