ইডেন গার্ডেনে আইপিএলের সপ্তম আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। তবে সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলা ও হাতাহাতির খবর পাওয়া গেছে।
সকাল ১১.৩০টায় গেট খুলে দেয়া হয়। মাঠে ঢোকার বৈধ পাস দেয়া হয়েছিল ৬৪ হাজার লোককে। কিন্তু সকাল থেকেই লাখ খানেক ক্রিকেট ভক্ত ভীড় করে ইডেন গার্ডেনে। কেউ কেউ বলছেন সুনামীর মতো লোক আসছে ইডেন গার্ডেনের দিকে।
ক্রিকেট ভক্তদের চাপে একটা সময় নিরাপত্তারক্ষীরা গেট খুলে দিতে বাধ্য হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনায় ২জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করতে লাঠিচার্জ করেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401792487.jpg[/img]
বিশৃঙ্খলার কারণে অনেকে বৈধ পাস নিয়েও ঢুকতে পারেননি। যারা ভীড়ের মধ্যে ভেতরে ঢুকতে ব্যর্থ হয়েছেন তারা বাইরে অবস্থান করছেন। তারপরও নাইটদের সংবর্ধনায় সামিল হবেন তারা।
দুপুর ২.৪৫টায় কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের বহনকারী বাস স্টেডিয়ামে প্রবেশ করে। স্থানীয় শিল্পীদের পারফরম্যান্স চলছে সংগীতানুষ্ঠান। তবে শাহরুখ খান অনুষ্ঠানে এখনো পৌঁছতে পারেননি। টুইট বার্তায় তিনি জানিয়েছেন টেকনিক্যাল (ফ্লাইট সমস্যা) কারণে অনুষ্ঠানে পৌঁছতে তার একটু দেরি হবে। তবে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের জন্য থাকছে স্যুট, টাই, মমতা ব্যানার্জীর পছন্দের নীল-সাদা শার্ট, উত্তরীয় ও মিষ্টি।
পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসেসিয়েশনের পক্ষ থেকে নাইট রাইডার্সের খেলোয়াড়দের দেওয়া হচ্ছে এক ভরি করে স্বর্ণ।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]